Minister Sushanta Chowdhury : ত্রিপুরা রাজ্যে বিরোধীরা কার্যত জনসমর্থনহীন, কর্মী-সমর্থক নেই, প্রচারে লোকজনের দেখা মেলে না, এমনকি প্রচার সজ্জাতেও নেই কোনও দলীয় পতাকা। দিনের পর দিন এভাবেই বিরোধী বাম ও কংগ্রেস শিবিরকে নিশানা করে আসছেন শাসক বিজেপির নেতা, মন্ত্রী এবং তাঁদের কর্মী-সমর্থকরা। বিরোধীদের প্রচারে বাধা দেওয়ার অভিযোগও বারবার সামনে এসেছে। তবে সেই অভিযোগকে কার্যত নস্যাৎ করে বিরোধীদের জনসমর্থনের অভাবকেই প্রচারে না বেরোনোর কারণ হিসেবে তুলে ধরছেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
সম্প্রতি ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের ২৮ নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বিরোধীদের সাংগঠনিক দুর্বলতা নিয়ে মন্তব্য করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রতাপগড়ে বিরোধীদের কোনও কর্মী নেই, প্রচার করার মতো লোক নেই, এমনকি দলীয় পতাকাও নেই। পাশাপাশি বিরোধীরা বারবার গণতন্ত্র বিপন্ন বলে যে অভিযোগ তুলছে, সেই অভিযোগের বাস্তবতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
কিন্তু মন্ত্রীর এই বক্তব্যের পাল্টা জবাব দিতে এমন একটি ভিডিও ফুটেজ সামনে এসেছে, যা গোটা বিষয়টিকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, প্রকাশ্য দিবালোকে বিজেপির পতাকা হাতে কয়েকজন ব্যক্তি বিরোধী বামেদের নির্বাচনী প্রচারে বাধা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, প্রচার বন্ধ করে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি ও ধমকি দেওয়ার অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছিল গত ১১ নভেম্বর, সকাল আনুমানিক সাড়ে আটটা নাগাদ। ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অধীন আরালিয়া সুকান্ত কলোনি এলাকায় ২৭ নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী সুশান্ত দাস নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। অভিযোগ, ঠিক সেই সময় এলাকার কয়েকজন রাষ্ট্রবাদী নেতা হাতে বিজেপির দলীয় পতাকা নিয়ে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে দিতে সেখানে ছুটে আসেন। এরপর তাঁরা বিরোধী বাম প্রার্থী ও তাঁর সঙ্গে থাকা কর্মী-সমর্থকদের প্রচার বন্ধ করে ওই স্থান ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি ও ধমকি দেন বলে অভিযোগ।
গোটা ঘটনাটি আমাদের সংবাদ প্রতিনিধির ক্যামেরায় ধরা পড়ে। তবে ঘটনার ছবি ও ভিডিও ক্যামেরাবন্দি করার কারণেই বিজেপির ওই তথাকথিত দেবতূল্য কার্যকর্তারা সংবাদকর্মীর সঙ্গে দুর্ব্যবহার ও তাঁকে হেনস্থা করেন বলে অভিযোগ উঠেছে। অর্থাৎ, বিরোধীদের প্রচারে বাধা দেওয়ার পাশাপাশি সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদেরও হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ সামনে এসেছে।
এখন প্রশ্ন হচ্ছে, কয়েক সেকেন্ডের এই ভিডিও ফুটেজ কি যথেষ্ট নয় এটা বোঝার জন্য যে বিরোধীরা প্রচারে বেরোলেই তাঁদের নানা ধরনের বাধার মুখে পড়তে হচ্ছে ? বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে কিছু কর্মী-সমর্থক বিরোধীদের দিকে তেড়ে আসছেন, প্রচার বন্ধ করার জন্য চাপ সৃষ্টি করছেন এবং ভয়ভীতি দেখাচ্ছেন বলে যে অভিযোগ উঠেছে, তা কি একেবারেই অমূলক ?
মন্ত্রী সুশান্ত চৌধুরী যে এলাকায় দাঁড়িয়ে বিরোধীদের কর্মী-সমর্থকহীন বলে দাবি করছেন, সেই একই ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অধীন ২৭ নম্বর ওয়ার্ডে ঠিক কী ঘটেছিল, সে সম্পর্কে কি তিনি আদৌ অবগত? তাঁর কি জানা আছে, কীভাবে প্রকাশ্য দিবালোকে বিরোধী বামেদের নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হয়েছিল এবং তাঁদের হুমকি-ধমকি দিয়ে প্রচার বন্ধ করে বাড়ি ফিরে যেতে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে?
বিজেপি নেতৃত্বের কাছেও এখন একাধিক প্রশ্ন উঠছে। তাঁদের কি সৎ সাহস রয়েছে এটা স্বীকার করে নেওয়ার যে তাঁদের দলেরই একাংশের লোক প্রকাশ্যে বিরোধীদের নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার মতো ঘটনা ঘটাচ্ছেন? শুধু বিরোধী রাজনৈতিক কর্মীরাই নন, সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদেরও হুমকি ও হেনস্থার শিকার হতে হচ্ছে বলে যে অভিযোগ উঠেছে, তার দায় কি শাসক দলের নেতৃত্ব এড়িয়ে যেতে পারেন?
রাজনৈতিক প্রচারের স্বার্থে মন্ত্রী সুশান্ত চৌধুরীর এই ধরনের মন্তব্য বাস্তবতার নিরিখে সাধারণ মানুষের মনে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন বড় প্রশ্ন। বর্তমান সময়ে দাঁড়িয়ে মানুষ যথেষ্ট সচেতন এবং রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কেও ওয়াকিবহাল। ফলে প্রতাপগড়ে বিরোধীরা কেন প্রচারে বেরোতে পারছেন না, তা নিয়ে মন্ত্রীর দেওয়া ব্যাখ্যা এবং বাস্তবে সামনে আসা ঘটনাগুলি বিচার-বিশ্লেষণ করার দায়িত্ব সাধারণ মানুষেরই।
একদিকে মন্ত্রীর দাবি, বিরোধীদের জনসমর্থন নেই, কর্মী নেই, তাই তাঁরা প্রচারে বের হন না। অন্যদিকে, ২৭ নম্বর ওয়ার্ডে বিরোধীদের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ এবং সেই ঘটনার ভিডিও ফুটেজ সম্পূর্ণ ভিন্ন প্রশ্ন তুলে ধরছে। তাহলে বিরোধীদের প্রচারে না থাকার কারণ কি সত্যিই জনসমর্থনের অভাব, নাকি প্রচারে বেরোলেই বাধা, হুমকি ও ভয়ভীতির মুখে পড়তে হচ্ছে তাঁদের?
এখন সবার নজর আগামী ২৭ নভেম্বরের দিকে। আসন্ন নির্বাচনে আদৌ সুষ্ঠু ও অবাধ ভোটগ্রহণ সম্ভব হয় কি না, বিরোধীরা নির্বিঘ্নে নিজেদের নির্বাচনী প্রচার চালাতে পারেন কি না, সেটাই দেখার বিষয়। পাশাপাশি মন্ত্রী সুশান্ত চৌধুরীর এই মন্তব্য বিরোধীদের ভোটবাক্সে কোনও প্রভাব ফেলতে পারে কি না, তার উত্তরও মিলবে নির্বাচনের ফলাফলে।






