খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 18 November 2026 - 12:12 AM
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ - ১২:১২ পূর্বাহ্ণ

Teliamura CM News : তেলিয়ামুড়ায় মুখ্যমন্ত্রীর জনসভা ও রোড শো, বিজেপির জয় নিশ্চিত বলে দাবি মানিক সাহার

Teliamura CM News
1 minute read

Teliamura CM News : আসন্ন তেলিয়ামুড়া পৌর পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারে ঝড় তুলল শাসকদল বিজেপি। মঙ্গলবার বিকেলে তেলিয়ামুড়ায় নির্বাচনী জনসভা ও রোড শোতে অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। প্রথমে তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলা কেন্দ্রের মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তিনি। পরে শহরের বিভিন্ন রাজপথ ধরে রোড শো করেন মুখ্যমন্ত্রী। তাঁকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এদিনের কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়, কল্যাণপুর-প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিজেপি রাজ্য নেতৃত্ব তাপস মজুমদার, তেলিয়ামুড়া মণ্ডল সভাপতি অচিন্ত্য ভট্টাচার্য সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী গত পাঁচ বছরে তেলিয়ামুড়া পৌর পরিষদ এবং রাজ্যে বিজেপি সরকারের প্রায় সাড়ে আট থেকে নয় বছরের শাসনকালের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। তাঁর দাবি, বিজেপি সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো দিশা অনুসরণ করেই সরকার পরিচালিত হচ্ছে বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি শুধু নির্বাচনের সময় মানুষের কাছে যায় না, বরং বছরের ৩৬৫ দিনই মানুষের পাশে থেকে কাজ করে। কংগ্রেস ও সিপিএমের মতো শুধুমাত্র নির্বাচনের সময় সক্রিয় না হয়ে বিজেপি সরকার ২৪ ঘণ্টা মানুষের জন্য কাজ করে চলেছে। আর সেই কাজের ফলেই আগামী দিনে ভালো ফলাফল পাওয়া স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি।

তেলিয়ামুড়া পৌর পরিষদ নির্বাচনের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী দাবি করেন, ১৫টি ওয়ার্ডের মধ্যে চারটি আসনে ইতিমধ্যেই বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। বাকি ১১টি আসনেও বিজেপি জয়লাভ করবে বলে তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন। তাঁর কথায়, মানুষই বিজেপির সবচেয়ে বড় শক্তি এবং দলের পাশাপাশি সমাজেরও মেরুদণ্ড।

জনসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী তেলিয়ামুড়ার মানুষের কাছ থেকে পাওয়া সাড়া ও ভালোবাসায় সন্তোষ প্রকাশ করেন। তাঁর দাবি, জনসভা থেকে শুরু করে রোড শো পর্যন্ত রাস্তার দু’পাশে মানুষের উপস্থিতি প্রমাণ করে যে তেলিয়ামুড়ার মানুষ বিজেপির সঙ্গে রয়েছেন।

বিরোধীদের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, বিরোধীদের কাছে সাধারণ মানুষের সামনে তুলে ধরার মতো কোনো ইতিবাচক ইস্যু নেই। তাই তারা কেবল সমালোচনা করে চলেছে। তবে গণতন্ত্রে প্রত্যেকেরই কথা বলার অধিকার রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, শেষ পর্যন্ত মানুষ উন্নয়ন ও কাজের নিরিখেই ভোট দেবেন।

সবশেষে তেলিয়ামুড়া পৌর পরিষদের নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, রাজ্য সরকারের উন্নয়নের ধারাবাহিকতা আগামী দিনেও তেলিয়ামুড়া পৌর এলাকায় বজায় থাকবে।

For All Latest Updates

খাস খবর