Agartala News : অবশেষে নড়েচড়ে বসল পূর্ব থানার পুলিশ। সংবাদ প্রকাশের পরই জুয়ার বিরুদ্ধে অভিযানে সক্রিয় হয়ে উঠল পুলিশ প্রশাসন। গোপন সূত্রের খবরের ভিত্তিতে চন্দ্রপুর ও মোটরস্ট্যান্ড এলাকা থেকে মোট ছয়জন জুয়ারিকে আটক করেছে পূর্ব থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা যায়, কিছুদিন আগেই চন্দ্রপুর এলাকায় প্রকাশ্যে জুয়ার আসর বসা এবং বেশ কয়েকজনের জুয়া খেলার সঙ্গে জড়িত থাকার বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছিল। ওই সংবাদ প্রকাশের পরও এলাকায় জুয়ার কার্যকলাপ নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছিল। অবশেষে গোপন সূত্রের খবরের ভিত্তিতে পূর্ব থানার পুলিশ দুই এলাকায় অভিযান চালায়।
অভিযানে চন্দ্রপুর এবং মোটরস্ট্যান্ড এলাকা থেকে ছয়জনকে আটক করা হয়। এই অভিযানের পর পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকায় জুয়ার আসর চলার অভিযোগ থাকলেও এবার পুলিশের তৎপরতায় অভিযুক্তদের আটক করা সম্ভব হয়েছে।
পূর্ব থানার ওসি কৃষ্ণ ধন সরকারের নেতৃত্বে পুলিশের এই তৎপরতা আগামী দিনেও অব্যাহত থাকবে কি না, এখন সেটাই দেখার বিষয়। কারণ, শহরের বিভিন্ন এলাকায় জুয়া ও অন্যান্য অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছেন সাধারণ মানুষ।তবে শুধু একদিনের অভিযান নয়, এলাকায় জুয়ার আসর সম্পূর্ণ বন্ধ করতে পুলিশের নিয়মিত নজরদারি ও ধারাবাহিক পদক্ষেপ জরুরি বলে মনে করছেন সচেতন মহল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টিও এখন গুরুত্বপূর্ণ।
সংবাদ প্রকাশের পর পুলিশের এই অভিযানে সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও, শহরের অন্যান্য এলাকায় এ ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধে পুলিশ কতটা সক্রিয় ভূমিকা পালন করে, সেদিকেই নজর থাকবে সবার।






