খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 18 November 2026 - 12:12 AM
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ - ১২:১২ পূর্বাহ্ণ

Khowai CM News : খোয়াই পুর পরিষদের নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মানিক সাহা, উন্নয়নের খতিয়ান তুলে ধরে জয়ের আহ্বান

Khowai CM News
1 minute read

Khowai CM News : আসন্ন খোয়াই পুর পরিষদের নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারে ঝড় তুলল শাসকদল বিজেপি। মঙ্গলবার বিকেল ৩টায় খোয়াইয়ের কোহিনুর কমপ্লেক্স প্রাঙ্গণে এক নির্বাচনী জনসভায় অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। তাঁকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। জনসভায় উপস্থিত কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

এদিনের নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি মঞ্চে উপস্থিত ছিলেন খোয়াইয়ের বিধায়ক পিনাকি দাস চৌধুরী, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, খোয়াই জেলার প্রভারী তাপস মজুমদার, বিজেপির খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস, খোয়াই মণ্ডল সভাপতি অনুকুল দাস, খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় এবং প্রাক্তন মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার সহ দলের অন্যান্য নেতৃত্ব। এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের ১৫টি ওয়ার্ডের বিজেপি প্রার্থীরা, দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং অসংখ্য কর্মী-সমর্থক।

নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা গত পাঁচ বছরে বিজেপি পরিচালিত পুর নিগম ও পুর পরিষদগুলির বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। তাঁর দাবি, গত পাঁচ বছরে রাজ্যের পুর ও নগর সংস্থাগুলির মাধ্যমে অভূতপূর্ব উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। শহরাঞ্চলের পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নাগরিক পরিষেবার মানোন্নয়নেও সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে।

মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বেদখল হয়ে থাকা বহু পুকুর উদ্ধার করা হয়েছে। শুধু পুকুর উদ্ধারই নয়, সেগুলির সৌন্দর্যায়নের কাজও করা হয়েছে। শহরাঞ্চলকে আরও পরিচ্ছন্ন, সুন্দর ও বসবাসের উপযোগী করে তোলার লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

আসন্ন পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার বার্তাই এদিনের জনসভা থেকে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বিজেপি নেতৃত্বের বক্তব্য, গত পাঁচ বছরের উন্নয়নমূলক কাজের নিরিখেই এবার ভোটারদের কাছে সমর্থন চাইছে দল।সব মিলিয়ে, খোয়াই পুর পরিষদের ১৫টি ওয়ার্ডের নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির এই নির্বাচনী জনসভা ঘিরে রাজনৈতিক তৎপরতা আরও বাড়ল। এখন দেখার, মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচার এবং উন্নয়নের খতিয়ান তুলে ধরার বার্তা আসন্ন নির্বাচনে ভোটারদের কতটা প্রভাবিত করতে পারে।

For All Latest Updates

খাস খবর