খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 12 November 2026 - 11:17 PM
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ - ১১:১৭ অপরাহ্ণ

Journalist Harassed By BJP Goons : বিরোধীদের প্রচারে বাধা, সাংবাদিককে হুমকি ও লাঠি নিয়ে তেড়ে আসার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে

Journalist Harassed By BJP Goons
1 minute read

Journalist Harassed By BJP Goons : বুথ সেক্রেটারি থেকে বুথ সভাপতি হওয়ার দৌড়ে কি বিরোধীদের উপর হামলা, হুমকি ও হেনস্থাই হয়ে উঠছে বিজেপির কিছু কর্মীর যোগ্যতার মাপকাঠি ? এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে আগরতলা পুর নিগমের ২৭ নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লি এলাকার একটি ঘটনাকে কেন্দ্র করে। বিরোধীদের নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার পাশাপাশি সংবাদ সংগ্রহ করতে গেলে খবরে প্রতিবাদ সংবাদ মাধ্যমে কর্মরত এক মহিলা সাংবাদিককে লাঠি নিয়ে তেড়ে আসা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধে।

আগামী ২৭ নভেম্বর রাজ্যের পুর ও নগর পঞ্চায়েত নির্বাচন। আগরতলা পুর নিগমের ৫১টি ওয়ার্ডসহ রাজ্যের বিভিন্ন পুর এলাকায় নির্বাচনী প্রচারে ব্যস্ত রাজনৈতিক দলগুলি। এই পরিস্থিতিতে বিরোধী প্রার্থীদের প্রচারে বাধা ও হামলার অভিযোগও সামনে আসছে। বৃহস্পতিবার এমনই একটি অভিযোগের ভিত্তিতে ১৩ প্রতাপগড় বিধানসভার অন্তর্গত ২৭ নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লি এলাকায় পৌঁছায় সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।

অভিযোগ অনুযায়ী, বেলা আনুমানিক ৮টা ২৮ মিনিট নাগাদ বাম মনোনীত প্রার্থী সুশান্ত দাস দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। ঠিক সেই সময় বিজেপির পতাকা হাতে একদল লোক স্লোগান দিতে দিতে সেখানে উপস্থিত হয়। অভিযোগ, তাঁরা বিরোধী প্রার্থীর প্রচার বন্ধ করার জন্য হুমকি দেন এবং এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করেন।

ঘটনার ভিডিও ধারণ করতে গেলে সংবাদকর্মীর ক্যামেরা বন্ধ করার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি বিজেপির পতাকা জড়ানো লাঠি হাতে ঐ মহিলা সাংবাদিকের দিকে তেড়ে আসেন সুরজিত পাল নামে এক বিজেপি কর্মী। তাঁকে হুমকি ও ধমকি দেওয়ার অভিযোগও উঠেছে। অভিযুক্ত সুরজিত পাল আরালিয়া শালবাগান এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তিনি বিজেপির বুথ সেক্রেটারি পদে রয়েছেন বলে ও খবর । এই ঘটনায় রাজু দাস, শানু দেব সহ আরও কয়েকজনের নাম উঠে এসেছে।

ঘটনাটিকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে, নির্বাচনী প্রচারে বিরোধীদের বাধা দেওয়া এবং সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা কি গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী নয় ? সম্প্রতি গণতন্ত্র রক্ষার স্লোগান তোলা রাজনৈতিক দলগুলির কর্মীদের বিরুদ্ধেই যদি এমন অভিযোগ ওঠে, তাহলে সাধারণ মানুষের কাছে কী বার্তা যাচ্ছে ?

এদিকে, বিজেপির ১৩ প্রতাপগড় মণ্ডল নেতৃত্ব অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করে, সেটাই এখন দেখার বিষয়। দলের পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, নাকি অভিযুক্তরা কোনও পুরস্কার বা পদোন্নতি পান, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

For All Latest Updates

খাস খবর