খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 11 November 2026 - 06:20 PM
বুধবার, ১১ নভেম্বর ২০২৬ - ০৬:২০ অপরাহ্ণ

SFI TYA TSU News : বিধায়ক তফাজ্জল হোসেনের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ, পশ্চিম থানায় চার ছাত্র-যুব সংগঠনের এফআইআর

SFI TYA TSU News
1 minute read

SFI TYA TSU News : নির্বাচনী প্রচারে জনজাতি সম্প্রদায়কে নিয়ে কুরুচিপূর্ণ ও সাম্প্রদায়িক মন্তব্য করার অভিযোগ উঠেছে বিধায়ক তফাজ্জল হোসেনের বিরুদ্ধে। তাঁর কথিত মন্তব্যকে জাতিবিদ্বেষমূলক ও সাম্প্রদায়িক উসকানিমূলক আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে রাজ্যের চারটি ছাত্র ও যুব সংগঠন। বুধবার টিওয়াইএ, এসএফআই, টিএসইউ এবং টিওয়াইএফ-এর প্রতিনিধিরা একত্রিত হয়ে আগরতলার পশ্চিম থানায় বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।

এদিন পশ্চিম থানায় উপস্থিত হয়ে সংগঠনগুলির প্রতিনিধিরা বিধায়কের বক্তব্যের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানান। তাঁদের দাবি, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের মন্তব্য কোনোভাবেই প্রত্যাশিত নয়। নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে জনজাতি সম্প্রদায়কে লক্ষ্য করে এমন বক্তব্য দেওয়া হলে তা সমাজের বিভিন্ন অংশের মধ্যে বিভেদ ও উত্তেজনা সৃষ্টি করতে পারে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে টিওয়াইএফ-এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমল দেববর্মা বলেন, ২০১৪ সালে কেন্দ্রে এবং ২০১৮ সালে ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় আসার পর থেকে জাতি, উপজাতি ও ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করার প্রবণতা দেখা যাচ্ছে বলে তাঁদের অভিযোগ। তাঁর আরও দাবি, সাধারণ মানুষের সমর্থন হারানোর আশঙ্কায় সাম্প্রদায়িক উসকানিমূলক মন্তব্যের মাধ্যমে রাজ্যে অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা চলছে।

কমল দেববর্মা বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেক সম্প্রদায়ের মানুষের সমান মর্যাদা ও অধিকার রয়েছে। সেখানে একজন নির্বাচিত জনপ্রতিনিধির মুখ থেকে কোনো নির্দিষ্ট জনজাতি সম্প্রদায়কে আঘাত করে এমন মন্তব্য করা অত্যন্ত অনভিপ্রেত। এ ধরনের বক্তব্য সমাজের সম্প্রীতি ও পারস্পরিক বিশ্বাসের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এদিন চারটি সংগঠনের পক্ষ থেকে বিধায়ক তফাজ্জল হোসেনকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়। তাঁদের বক্তব্য, শুধু প্রতিবাদ জানিয়েই বিষয়টি শেষ করা উচিত নয়, অভিযোগের যথাযথ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

অন্যদিকে, সংগঠনগুলির প্রতিনিধিরা জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে বিরোধী দলনেতাকেও অবগত করা হয়েছে। পশ্চিম থানায় এফআইআর দায়ের করার বিষয়টিও তাঁকে জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত বিধানসভার স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ জানানো হয়নি। প্রয়োজন দেখা দিলে আগামী দিনে স্পিকারের কাছেও বিষয়টি তুলে ধরা হবে বলে জানিয়েছেন তাঁরা।

এখন দেখার বিষয়, চার ছাত্র-যুব সংগঠনের দায়ের করা এফআইআরের ভিত্তিতে পুলিশ কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে এবং এই বিতর্কিত মন্তব্যের অভিযোগে পরবর্তী সময়ে কী আইনি প্রক্রিয়া এগিয়ে যায়।

For All Latest Updates

খাস খবর