AMC Ward 10 : আগরতলা পুরনিগমের ১০ নম্বর ওয়ার্ডের ইচা মোয়া এলাকায় সরকারি ড্রেন নির্মাণের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় দুই যুবক অভিজিৎ রুদ্রপাল ও দেবল রুদ্রপালের বিরুদ্ধে। অভিযোগ, ঠিকাদারের অনুপস্থিতির সুযোগ নিয়ে নির্মাণকাজে নিযুক্ত শ্রমিকদের হুমকি দিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন তাঁরা।
জানা যায়, কাউন্সিলর সোমা মজুমদারের নির্দেশে পুনরায় নির্মাণকাজ শুরু হলেও পরবর্তীতে সাঙ্গপাঙ্গ নিয়ে এসে আবারও কাজ বন্ধের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের পুরনিগম নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন সোমা মজুমদার দেবনাথ। তবে ২০২৬ সালের নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন তিনি। তাঁর পরিবর্তে ১০ নম্বর ওয়ার্ডে দলীয় টিকিট পেয়েছেন বিশ্বজিৎ রায়।
সোমা মজুমদারের অভিযোগ, একসময় তাঁর সঙ্গে থাকা কয়েকজন এখন রাজনৈতিক সমীকরণ পরিবর্তনের পর বিশ্বজিৎ রায়ের শিবিরে যোগ দিয়েছেন। তাঁর হাত ধরে শুরু হওয়া উন্নয়নমূলক কাজেও বাধা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ। বর্তমান পরিস্থিতির পিছনে রাজনৈতিক প্রতিহিংসার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তিনি।
স্থানীয় সূত্রের দাবি, নতুন প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই এলাকায় চলমান কয়েকটি উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টির ঘটনা সামনে আসছে। রাজনৈতিক মতপার্থক্য যাই থাকুক, সাধারণ মানুষের স্বার্থে উন্নয়নমূলক কাজ নির্বিঘ্নে সম্পন্ন হওয়া প্রয়োজন। প্রশাসন এই বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করে, এখন সেটাই দেখার।






