Sonamura News : ঘরে রয়েছে মাত্র দেড় বছরের শিশু সন্তান। সেই সন্তানকে মাতৃহারা করে এক তরুণীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে যাত্রাপুর থানাধীন লালটিলা এলাকায়। মৃত তরুণীর নাম ইভা আক্তার। তিনি ত্রিপুরা TSR জওয়ান আলমগীর হোসেনের মেয়ে। ইভাকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলেছে তাঁর বাবার পরিবার। যদিও মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়।
জানা যায়, প্রায় সাড়ে তিন বছর আগে কাঁঠালিয়ার লালটিলার বাসিন্দা ইভা পালিয়ে বিয়ে করেন সোনামুড়া থানাধীন ময়নামা এলাকার যুবক সাদ্দাম হোসেনকে। পরিবারের অভিযোগ, বিয়ের এক বছরের মধ্যেই ইভার বাবার বাড়ি থেকে মোটরবাইক আনার জন্য চাপ দিতে শুরু করেন স্বামী। এই বিষয়কে কেন্দ্র করে তাঁদের মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত। ঝগড়া-বিবাদের পর ইভা বাবার বাড়িতে এসে নিজের কষ্টের কথা জানাতেন বলেও দাবি পরিবারের।
ইভার বাবা আলমগীর হোসেনের আরও অভিযোগ, তাঁর জামাতার অন্য এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল। সেই বিষয়কে কেন্দ্র করে ইভার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। পরিবারের দাবি, গতকাল রাতে আলমগীর হোসেন ডিউটিতে থাকাকালীন শ্বশুরবাড়ি থেকে ফোন করে জানানো হয়, ইভা আত্মহত্যা করেছেন। কিন্তু এই মৃত্যুকে আত্মহত্যা বলে মানতে নারাজ তাঁর বাবা। তাঁর অভিযোগ, ইভাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে।
এই ঘটনায় আজ সোনামুড়া থানায় স্বামী সাদ্দাম হোসেনসহ মোট ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আলমগীর হোসেন। মাত্র দেড় বছরের শিশুর মাতৃহারা হওয়া এবং মেয়েকে হারিয়ে বাবার বিচার চাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এখন পুলিশের তদন্তেই স্পষ্ট হবে, ইভার মৃত্যুর নেপথ্যে আত্মহত্যা নাকি অন্য কোনও ঘটনা রয়েছে। পরিবারের একটাই দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনা হোক।






