Ambassa Municipal Election : ত্রিপুরার রাজ্য নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারির পর থেকেই রাজনৈতিক হিংসা ও ত্রাসের এক নজিরবিহীন পরিবেশ তৈরি হয়েছে আমবাসা পুর পরিষদ নির্বাচনে। শাসকদলের পক্ষ থেকে সিপিআইএমের সম্ভাব্য প্রার্থীদের শুরু থেকেই চিহ্নিত করে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া হতে থাকে। সমস্ত প্রশাসনিক বাধা ও শাসকদলের রক্তচক্ষুকে উপেক্ষা করে গত ২ নভেম্বর ১৫টি আসনেই সিপিআইএম প্রার্থীরা এক বিশাল ও সাড়া জাগানো মিছিলে অংশ নিয়ে তাঁদের মনোনয়নপত্রে সই করেন এবং তা দাখিল করেন। এই গণজোয়ারের পরই শাসকদলের আশ্রিত দুর্বৃত্তরা আরও বেপরোয়া হয়ে ওঠে এবং প্রার্থীদের ওপর জোরপূর্বক মনোনয়ন প্রত্যাহারের জন্য তীব্র ও হিংসাত্মক চাপ সৃষ্টি করতে শুরু করে।
পরিস্থিতি চরমে পৌঁছায় গত ৯ নভেম্বর। ওই দিন ৯ নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী সুজিত ঘোষ আমবাসা টাউন হলের পেছনের একটি দোকানে বসে থাকাকালীন তিনটি গাড়ি করে আসা কিছু বহিরাগত দুর্বৃত্ত তাঁকে প্রকাশ্যে মারধর করে। এরপর বন্দুকের মুখে তাঁকে একটি গাড়িতে তুলে জোরপূর্বক অপহরণ করে আমবাসা সার্কিট হাউসে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর তৎকালীন সময়ে শাসকদলের নির্দিষ্ট প্রার্থী আশিষ ভট্টাচার্য্য উপস্থিত হয়ে তাঁকে প্রাণনাশের ভয় দেখিয়ে জোর করে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করেন। এই জঘন্য অপহরণ ও হুমকির ঘটনায় পুরো আমবাসা শহরজুড়ে চরম আতঙ্ক ও থমথমে পরিবেশ ছড়িয়ে পড়ে।
সন্ধ্যার অন্ধকার নামতেই ওই একই দুষ্কৃতী বাহিনী আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। তারা দলের অন্য প্রার্থী কাজল দেব ও প্রদীপ শাহীসহ একাধিক প্রার্থীর বাড়িতে গিয়ে বন্দুক দেখিয়ে প্রাণঘাতী আক্রমণ চালায় এবং বাড়ি পুড়িয়ে দেওয়ার প্রকাশ্য হুমকি দেয়। এর রেশ কাটতে না কাটতে গত রাতে অপর দুই প্রার্থী কানাই পাল এবং বিপ্লব দাসের বাড়িতেও নির্বিচারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। দুর্বৃত্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং অবিলম্বে মনোনয়ন প্রত্যাহার না করলে পরিবারসহ চরম পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেয়। এমনকি দিনের আলোয় বেলা ১২টার দিকে এক বিজেপি বিক্ষুব্ধ নির্দল প্রার্থী সাগরিকা বিশ্বাসের বাড়িতেও হামলা চালানো হয়। তাঁর ঘরবাড়ি ও আসবাবপত্র ভাঙচুর করার পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। দিনের আলোতেই আমবাসা শহরজুড়ে এক নৈরাজ্য ও ত্রাসের রাজত্ব কায়েম হয়।
পরবর্তী সময়ে প্রশাসনের নীরব ভূমিকার সুযোগ নিয়ে সকাল থেকে আমবাসার বিভিন্ন প্রান্ত থেকে বহিরাগতদের এনে বহুমুখী চাপে ফেলা হয়। এই লাগাতার হুমকি, মারধর ও অপহরণের মুখে পড়ে সিপিআইএমের সমস্ত প্রার্থীই চরম নিরাপত্তাহীনতার মধ্যে তাঁদের মনোনয়নিপত্র প্রত্যাহার করতে বাধ্য হন। আমবাসার প্রবীণ নাগরিকরা ক্ষোভ প্রকাশ করে জানাচ্ছেন, আমবাসার রাজনৈতিক ইতিহাসে শাসকদলের এই ধরনের নজিরবিহীন ও লজ্জাজনক সন্ত্রাস অতীতে কখনো দেখা যায়নি।
বামফ্রন্ট আমলের অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের সংস্কৃতির সাথে বর্তমান বিজেপি সরকারের আমলের এই পুর পরিষদ নির্বাচনের তুলনা টানলে স্পষ্ট হয় যে এটি একটি সম্পূর্ণ প্রহসনে পরিণত হয়েছে, যা এলাকার সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছেন না। গণতন্ত্রের এই চরম অবক্ষয়ের তীব্র নিন্দা জানিয়ে আমবাসাবাসীর দাবি, অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।






