Pakistani Arrested in Poonch : জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় ফের অনুপ্রবেশের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। আরনিয়ায় এক পাকিস্তানি যুবক গ্রেফতারের রেশ কাটতে না কাটতেই এ বার পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা (এলওসি) অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অভিযোগে আরও এক পাকিস্তানি যুবককে আটক করল ভারতীয় সেনাবাহিনী। কী উদ্দেশ্যে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
নিরাপত্তা সূত্রে জানা গিয়েছে, পুঞ্চের খারি কারমারা সেক্টরে সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহল দিচ্ছিলেন সেনা জওয়ানরা। সেই সময় এক যুবকের সন্দেহজনক গতিবিধি তাঁদের নজরে আসে। পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত তাঁকে ঘিরে ফেলে আটক করেন সেনা সদস্যরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম মহম্মদ জামিল। তিনি পাকিস্তানের কাকপটার বাসিন্দা বলে জানা যাচ্ছে। আটকের পর তাঁকে সেনাছাউনিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
কীভাবে তিনি নিয়ন্ত্রণরেখা অতিক্রম করলেন, ভুলবশত ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিলেন, নাকি এর পিছনে কোনও পরিকল্পিত উদ্দেশ্য রয়েছে—তা খতিয়ে দেখছেন সেনা ও পুলিশ আধিকারিকরা। তাঁর সঙ্গে কোনও নিষিদ্ধ সংগঠন বা অন্য কোনও সন্দেহজনক যোগাযোগ রয়েছে কি না, তাও তদন্তের আওতায় রয়েছে। তবে এখনও পর্যন্ত তাঁর অনুপ্রবেশের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
উল্লেখ্য, মাত্র সপ্তাহখানেক আগেই জম্মু-কাশ্মীরের আরনিয়া সাব-সেক্টরের আরএস পুরা এলাকা থেকে আওয়াইস রাজা নামে এক পাকিস্তানি যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। সাই কালান মোড়ের কাছে হরাপীর সেতু এলাকায় তাঁর সন্দেহজনক গতিবিধি দেখে স্থানীয় বাসিন্দারা তাঁকে আটক করে পুলিশকে খবর দেন। পরে তদন্তে জানা যায়, তিনি পাকিস্তানের লায়া জেলার বস্তি গোকালের বাসিন্দা।
পরপর দুই ঘটনায় জম্মু-কাশ্মীরের সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে সতর্কতা তৈরি হয়েছে। বিশেষ করে সংবেদনশীল সীমান্ত এলাকায় অনুপ্রবেশের প্রতিটি চেষ্টার পিছনে কী উদ্দেশ্য রয়েছে, তা খতিয়ে দেখতে নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে।






