খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 28 November 2026 - 08:46 PM
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ - ০৮:৪৬ অপরাহ্ণ

Boxanagar BSF News : আশাবাড়িতে বিএসএফের উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল একাধিক বসতবাড়ি

Boxanagar BSF News
1 minute read

Boxanagar BSF News : গত ২ নভেম্বর আশাবাড়ি সীমান্ত এলাকায় বিএসএফ জওয়ানদের উপর হামলার ঘটনার পর ফের সক্রিয় হয়ে উঠেছে সীমান্তরক্ষী বাহিনী। শনিবার আশাবাড়ি বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় ব্যাপক উচ্ছেদ অভিযান চালানো হয়। বুলডোজার ব্যবহার করে একাধিক বসতবাড়ি ভেঙে ফেলার ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিএসএফের পাশাপাশি এই অভিযানে অংশ নেয় বন দপ্তর ও মহকুমা প্রশাসন। মোতায়েন ছিল বিপুল সংখ্যক নিরাপত্তারক্ষী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ নভেম্বর আশাবাড়ি সীমান্ত এলাকায় কয়েকজন দুষ্কৃতকারীর হামলায় বিএসএফের একাধিক জওয়ান আক্রান্ত হয়েছিলেন। ওই ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়। পাশাপাশি বিভিন্ন সরকারি জমি দখল এবং অবৈধ কার্যকলাপের বিরুদ্ধেও তৎপরতা বাড়ানো হয়। শনিবারের উচ্ছেদ অভিযানকে সেই তৎপরতারই অংশ বলে মনে করছেন স্থানীয়রা।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আশাবাড়ি বিএসএফ ক্যাম্পের জমি দীর্ঘ প্রায় ২০ বছর ধরে দখল করে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করছিলেন আজাদ মিয়া। শনিবার বুলডোজার দিয়ে তাঁর বাড়িটি ভেঙে ফেলা হয়। পেশায় ছোট ব্যবসায়ী আজাদ মিয়ার ছেলে বর্তমানে প্রবাসে কর্মরত। একইভাবে গিয়াস উদ্দিনের বসতবাড়িতেও উচ্ছেদ অভিযান চালানো হয়। তিনি কৃষিকাজের মাধ্যমে পরিবারের ভরণপোষণ করেন।

অন্যদিকে, বিএসএফ ক্যাম্প থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বন দপ্তরের জমি দখল করে বসবাসের অভিযোগে নজরুল ইসলাম ও বুলন মিয়ার বাড়িও ভেঙে দেওয়া হয়। জানা গেছে, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার পর তাঁরা বন দপ্তরের জমিতে ছোট আকারের ঘর তৈরি করে বসবাস শুরু করেছিলেন। বাড়িগুলি ভেঙে দেওয়ায় সংশ্লিষ্ট পরিবারগুলির মধ্যে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।

এদিনের অভিযানে বিএসএফ, বন দপ্তরের আধিকারিক, মহকুমা প্রশাসনের প্রতিনিধি, পুলিশ, টিএসআর, সিআরপিএফ, মেডিক্যাল টিম এবং দমকল কর্মীরা উপস্থিত ছিলেন। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেই সম্পূর্ণ অভিযান পরিচালনা করা হয়।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট পরিবারগুলিকে জমি খালি করার জন্য বেশ কিছুদিন আগেই নোটিশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে জমি খালি না করায় শনিবার উচ্ছেদ অভিযান চালানো হয়। তবে বিএসএফ জওয়ানদের উপর হামলার ঘটনার পরপরই সীমান্ত এলাকায় এই ধরনের অভিযান এবং একাধিক বসতবাড়ি ভেঙে দেওয়ার ঘটনায় আশাবাড়ি ও রহিমপুর এলাকায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।

For All Latest Updates

খাস খবর