Delimitation Bill News : লোকসভার আসন সংখ্যা বৃদ্ধি এবং মহিলা সংরক্ষণ কার্যকর করার লক্ষ্যে কেন্দ্রের আনা প্রস্তাবে শেষ পর্যন্ত সমর্থন জানানোর সিদ্ধান্ত নিল ডিএমকে। শনিবার দলের কর্মিসমিতির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দলের প্রধান এমকে স্ট্যালিন এবং সংসদীয় নেতা টিআর বালু। পরে দলের সাংসদ আন্দিমুথু রাজা ও দয়ানিধি মারান আনুষ্ঠানিকভাবে এই অবস্থানের কথা জানান।
ডিএমকের এই সিদ্ধান্ত কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। লোকসভায় দলের ২২ জন এবং রাজ্যসভায় ৮ জন সাংসদ রয়েছেন। সাংসদ আন্দিমুথু রাজার বক্তব্য, আসন বৃদ্ধির জন্য যে পদ্ধতি গ্রহণ করা হচ্ছে, তাতে তামিলনাড়ুর রাজনৈতিক প্রতিনিধিত্ব ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই।
উল্লেখ্য, শুক্রবারই এই বিষয় নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন এমকে স্ট্যালিন। তিনি জানিয়েছিলেন, তামিলনাড়ুর স্বার্থ বিঘ্নিত হয়, এমন কোনও প্রস্তাবকে সমর্থন করবে না তাঁর দল। লোকসভায় রাজ্যের বর্তমান ৭.১৮ শতাংশ প্রতিনিধিত্ব বজায় রাখার দাবিও তুলেছিলেন তিনি। কেন্দ্রের প্রস্তাবে প্রতিটি রাজ্যের আসন ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা থাকায় সেই আশঙ্কা অনেকটাই দূর হয়েছে বলে মনে করছে ডিএমকে নেতৃত্ব।
এদিকে, মহিলা সংরক্ষণ কার্যকর করার সঙ্গে লোকসভার আসন পুনর্বিন্যাস সংক্রান্ত ১৩১তম সংবিধান সংশোধনী বিল সংসদের বর্ধিত অধিবেশনে পেশ করার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র। এর আগে ১৭ এপ্রিল লোকসভায় বিলটি প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন না পাওয়ায় আটকে গিয়েছিল। সেদিন ৫২৮ জন ভোটদানকারী সাংসদের মধ্যে বিলের পক্ষে ভোট পড়েছিল ২৯৮টি।
সংবিধান সংশোধনী বিল পাসের জন্য দুই-তৃতীয়াংশ সমর্থন বাধ্যতামূলক। রাজনৈতিক সমীকরণে সাম্প্রতিক পরিবর্তন এবং ডিএমকের সমর্থনের সিদ্ধান্তে এবার কেন্দ্রের অবস্থান শক্তিশালী হয়েছে। ফলে নতুন করে বিল পাসের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।






