খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Sunday, 29 November 2026 - 09:46 PM
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ - ০৯:৪৬ অপরাহ্ণ

Sharad Pawar on Delimitation : আসন পুনর্বিন্যাস বিল নিয়ে শরদ পওয়ারের দলে মতভেদ, সোমবার সুপ্রিয়া সুলের বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত

Sharad Pawar on Delimitation
1 minute read

Sharad Pawar on Delimitation : সংসদে প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস বিলকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় মহারাষ্ট্রের শরদ পওয়ারের দল এনসিপি (এসপি)। বিলটিকে সমর্থনের ইঙ্গিত সামনে এলেও দলের চূড়ান্ত অবস্থান এখনও স্থির হয়নি বলে জানিয়েছেন দলের পাঁচ সাংসদ। ফলে সংসদের বিশেষ অধিবেশনের আগে শরদ পওয়ারের দলের অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে।

জানা গেছে, সোমবার সকাল ১০টায় দিল্লিতে দলের কার্যকরী সভাপতি সুপ্রিয়া সুলের সঙ্গে বৈঠকে বসবেন এনসিপি (এসপি)-র আটজন লোকসভা সাংসদ। ওই বৈঠকেই বিলের বিষয়ে দলের চূড়ান্ত অবস্থান নির্ধারিত হতে পারে। সাংসদ অমল কোলহে, নীলেশ লঙ্কে, অমর কালে, ধৈর্যশীল মোহিতে পাতিল এবং ভাস্কর ভাগারে স্পষ্ট জানিয়েছেন, এখনও সমর্থন কিংবা বিরোধিতার বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

দলের নেতা জিতেন্দ্র আওহাদ সম্প্রতি জানিয়েছিলেন, প্রতিটি রাজ্যে সমান অনুপাতে লোকসভা আসন ৫০ শতাংশ বৃদ্ধি করা হলে বিলকে সমর্থন করার বিষয়টি বিবেচনা করা হতে পারে। পাশাপাশি আগামী ২৫ বছর রাজ্যগুলির পারস্পরিক প্রতিনিধিত্বের অনুপাত অপরিবর্তিত রাখার দাবিও রয়েছে দলের। এই অবস্থানকে ঘিরেই বিরোধী জোটের শরিকদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা।

এদিকে কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিয়ার শরদ পওয়ারকে আক্রমণ করায় দুই দলের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়। যদিও রবিবার তিনি নিজের বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার কথা জানান এবং বিলের বিরুদ্ধে ভোট দেওয়ার আবেদন করেন।দলের অভ্যন্তরেও অসন্তোষের ইঙ্গিত মিলেছে। বিলকে সমর্থনের সম্ভাবনা নিয়ে আপত্তি জানিয়ে এনসিপি (এসপি)-র সমাজমাধ্যম সেলের সাধারণ সম্পাদক রামেশ্বর খামকর পদত্যাগ করেছেন।

এই পরিস্থিতিতে শরদ পওয়ারের সমর্থন ধরে রাখতে সক্রিয় হয়েছে ইন্ডিয়া জোটের শীর্ষ নেতৃত্ব। মল্লিকার্জুন খাড়্গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুম্বই সফরের কথা রয়েছে। অসুস্থ শরদ পওয়ার হাসপাতালে ভর্তি থাকায় সুপ্রিয়া সুলের সঙ্গেও তাঁদের আলোচনা হতে পারে। এখন সোমবারের বৈঠকের দিকেই নজর রাজনৈতিক মহলের।

For All Latest Updates

খাস খবর