Agartala News : শ্বশুরবাড়িতে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন, মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া এবং শ্বশুরের বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার মতো গুরুতর অভিযোগ সামনে এনে ন্যায়বিচারের দাবিতে সরব হলেন এক গৃহবধূ। স্বামী, শ্বশুর-শাশুড়ি সহ পরিবারের মোট সাতজনের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা গৃহবধূ রুমাশ্রী নমঃ। তবে অভিযোগ জানানোর পরও পুলিশি পদক্ষেপ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। শেষ পর্যন্ত রবিবার বিকেলে সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়ে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেন ওই গৃহবধূ।
ঘটনার বিবরণে জানা যায়, ২০২৪ সালে সোনামুড়ার শিবু নমঃ-র মেয়ে রুমাশ্রী নমঃ-র সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় আমতলীর ঘোষপাড়া এলাকার বাসিন্দা বিজয় কুমার দেবনাথের ছেলে সংগ্রাম দেবনাথের। অভিযোগ, বিয়ের কয়েক মাস পর থেকেই স্বামী, শ্বশুর-শাশুড়ি এবং পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে শুরু করেন তিনি।
তবে রুমাশ্রীর অভিযোগের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, তাঁর পিতৃতুল্য শ্বশুর বিজয় কুমার দেবনাথ পরিবারের অন্যান্য সদস্যদের অনুপস্থিতিতে তাঁর ঘরে প্রবেশ করে শ্লীলতাহানির চেষ্টা করেন। বিষয়টি তিনি স্বামী সংগ্রাম দেবনাথকে জানিয়েছিলেন বলেও দাবি করেছেন। কিন্তু স্বামী এই ঘটনার কোনও প্রতিবাদ করেননি বলে অভিযোগ।
এরপর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, একসময় স্বামী সংগ্রাম দেবনাথ তাঁকে বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য নিয়ে যান। সেখান থেকে ফিরে আসার পর তিনি জানতে পারেন, তাঁর স্বামী এলাকায় প্রচার করতে শুরু করেছেন যে, রুমাশ্রী নাকি অন্য এক পুরুষের হাত ধরে পালিয়ে গিয়েছেন। এই অপপ্রচারের পর শ্বশুরবাড়িতে ফিরে গেলেও তাঁকে আর বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়নি। বরং মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ।
নিরুপায় হয়ে রুমাশ্রী এনজিসি এলাকা সংলগ্ন একটি ভাড়া বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন। পরবর্তীতে স্বামী, শ্বশুর, শাশুড়ি সহ মোট সাতজনের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পাশাপাশি রাজ্য মহিলা কমিশনের কাছেও লিখিতভাবে গোটা বিষয়টি জানিয়েছেন।
কিন্তু তাঁর দাবি, আমতলী থানায় লিখিত অভিযোগ জমা দেওয়ার পরও এখনও পর্যন্ত পুলিশ কোনও মামলা নথিভুক্ত করেনি। ফলে বিচার পাওয়া নিয়ে উদ্বেগ ও হতাশা বাড়ছে তাঁর।
একজন গৃহবধূর এমন গুরুতর অভিযোগের পরও পুলিশি পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগগুলির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা জরুরি। রবিবার সংবাদমাধ্যমের সামনে কান্নাভেজা কণ্ঠে নিজের অভিজ্ঞতা তুলে ধরে রুমাশ্রী প্রশাসনের কাছে ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন। এখন দেখার, তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ ও মহিলা কমিশন কী পদক্ষেপ গ্রহণ করে।






