খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 18 November 2026 - 11:44 PM
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ - ১১:৪৪ অপরাহ্ণ

Cyclone Akvan Update : অন্ধ্রের বদলে পুরীর দিকে ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’-এর অভিমুখ! দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির আশঙ্কা

Cyclone Akvan Update
1 minute read

Cyclone Akvan Update : বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে তীব্র ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’। আবহাওয়ার পূর্বাভাসে পরিবর্তন আসায় ঘূর্ণিঝড়টির সম্ভাব্য স্থলভাগে প্রবেশের স্থান নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। প্রাথমিকভাবে অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা থাকলেও, সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী ওড়িশার পুরীর কাছাকাছি স্থলভাগে প্রবেশ করতে পারে এই ঘূর্ণিঝড়।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০ নভেম্বর শুক্রবার দুপুরে উত্তর অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম ও দক্ষিণ ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। দমকা হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটার। এরপর ধীরে ধীরে শক্তি হারিয়ে শনিবারের মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়াতেও ভারী বৃষ্টি হতে পারে। কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, পরিস্থিতি মোকাবিলায় সতর্কতা বাড়িয়েছে ওড়িশা প্রশাসন। ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত পুরীতে পর্যটকদের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সমুদ্রসৈকতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গুন্ডিচা মন্দিরও তিন দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় পশ্চিমবঙ্গের উপকূলে বৃহস্পতিবার ও শুক্রবার মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরেও ২০ নভেম্বর পর্যন্ত মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। সব মিলিয়ে ঘূর্ণিঝড়ের গতিপথের পরিবর্তনে উপকূলবর্তী এলাকায় বাড়ছে সতর্কতা।

For All Latest Updates

খাস খবর