Udaipur News : উদয়পুর জেলা ও দায়রা আদালতে আইনজীবী ও বিচারপতির মধ্যে দীর্ঘদিনের বিরোধ ক্রমশ জটিল আকার ধারণ করছে। আর এই সংঘাতের সরাসরি প্রভাব পড়ছে আদালতে বিচারপ্রার্থী সাধারণ মানুষের ওপর। কবে মিটবে এই অচলাবস্থা, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আইনজীবী মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে।
এই পরিস্থিতিতে বুধবার দুপুর ২টায় উদয়পুর জেলা ও দায়রা আদালতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে উদয়পুর বার অ্যাসোসিয়েশন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে বার অ্যাসোসিয়েশনের মহিলা সম্পাদিকা সুমন্তা চক্রবর্তী বিচারপতি রবি ধাইয়ার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ সামনে আনেন।আইনজীবীদের সঙ্গে দুর্ব্যবহারসহ বিভিন্ন বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর বক্তব্যে বিচারপতির আচরণ ও আদালতের কার্যপ্রণালী নিয়ে আইনজীবীদের অসন্তোষের বিষয়টি উঠে আসে। একের পর এক অভিযোগ তুলে ধরে গোটা পরিস্থিতি সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন তিনি।
অন্যদিকে, সাংবাদিক সম্মেলনের পর সংবাদমাধ্যমের প্রতিনিধিরা বিচারপতি রবি ধাইয়ার সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করলে তিনি কোনও ধরনের সাক্ষাৎকার দিতে রাজি হননি। বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, এই বিষয়ে তিনি সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করবেন না। সমস্ত বিষয় নিয়ে একমাত্র হাইকোর্টে আনুষ্ঠানিকভাবে বক্তব্য রাখবেন।উল্লেখ্য, আইনজীবীদের দাবি অনুযায়ী, দীর্ঘদিন ধরেই বিচারপতি রবি ধাইয়ার এজলাস বয়কট করে রেখেছেন তাঁরা। ফলে আদালতের স্বাভাবিক কাজকর্ম এবং বিচারপ্রার্থীদের পরিষেবা নিয়ে উদ্বেগ বাড়ছে।
সবচেয়ে বড় প্রশ্ন, আইনজীবী ও বিচারপতির এই মতবিরোধের অবসান ঘটবে কবে? বিরোধের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাধারণ মানুষকেই কি দিনের পর দিন ভোগান্তির শিকার হতে হবে?এখন সকলের নজর হাইকোর্ট ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের দিকে। কারণ আদালত কোনও ব্যক্তিগত বিরোধের ক্ষেত্র নয়, সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল।






