Bishalgarh News : সরকারি দপ্তর কি কর্মীদের নিরাপত্তার জায়গা, নাকি সহকর্মীর হাতেই লাঞ্ছিত হওয়ার মঞ্চ? বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ে এক মহিলা কর্মীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে বুধবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।অভিযোগ, দপ্তরের এলডিসি কর্মী জয়ন্তী দাসের সঙ্গে দীর্ঘদিন ধরেই দুর্ব্যবহার করে আসছিলেন একই কার্যালয়ের হেড ক্লার্ক রত্না পোদ্দার। বুধবার দপ্তরের একটি বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, সেই সময় ক্ষিপ্ত হয়ে রত্না পোদ্দার জয়ন্তী দাসকে মারধর করেন এবং লাথি মারেন।
ঘটনার পর অসুস্থ হয়ে পড়েন জয়ন্তী দাস। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।সরকারি দপ্তরের অভ্যন্তরে এমন ঘটনার অভিযোগে কর্মচারীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন, কর্মস্থলেই যদি একজন মহিলা কর্মী নিরাপদ না থাকেন, তাহলে প্রশাসনিক শৃঙ্খলার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের ভূমিকা কী?
ঘটনার পর মহকুমা শাসক বিঙ্কি সাহার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানা গেছে।এখন দাবি উঠছে, অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে সত্য উদঘাটন এবং দোষ প্রমাণিত হলে যথাযথ বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারি দপ্তরে ক্ষমতার দাপট নয়, কর্মীদের নিরাপত্তা ও সম্মানই হওয়া উচিত সর্বাগ্রে।






