খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 18 November 2026 - 07:33 PM
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ - ০৭:৩৩ অপরাহ্ণ

Jatrapur Ganja News : আর গোপন আস্তানা নয়, জঙ্গলে জঙ্গলে পুলিশের হানা যাত্রাপুরে

Jatrapur Ganja News
1 minute read

Jatrapur Ganja News : এবার আর গোপন খবরের অপেক্ষা নয়, সরাসরি জঙ্গলে নেমে মাদকবিরোধী অভিযানে যাত্রাপুর থানার পুলিশ। যাত্রাপুর থানা এলাকার বিভিন্ন জঙ্গলে গড়ে ওঠা অবৈধ গাঁজা বাগান চিহ্নিত করে একের পর এক ধ্বংস করার পরিকল্পনা নিয়ে বুধবার থেকে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। অভিযানের কথা জানিয়েছেন যাত্রাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থ নাথ ভৌমিক।

ওসি জানান, বুধবার সকাল ১০টা থেকে শুরু হয় এই বিশেষ অভিযান। প্রায় তিন ঘণ্টা ধরে বিভিন্ন জঙ্গল এলাকায় তল্লাশি চালিয়ে দুপুর ১টা নাগাদ থানায় ফিরে আসে পুলিশের অভিযানকারী দল। এই অভিযানে পুলিশের বড়সড় সাফল্য এসেছে বলেও দাবি করেন তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে কালীকৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের পূর্ব দিকে বনদপ্তরের সংরক্ষিত বনাঞ্চলে অভিযান চালানো হয়। এরপর নিদয়া গ্রাম পঞ্চায়েতের মুন্ডাপাড়ার পূর্ব দিকের জঙ্গলে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে অভিযানকারী দল আরও দক্ষিণে অভয়ারণ্য সংলগ্ন জঙ্গল এলাকায় পৌঁছে যায়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার তিনটি পৃথক জায়গায় মোট ১৩টি প্লটে অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার গাঁজা গাছ কেটে ধ্বংস করা হয়েছে। একদিনের এই অভিযানে বিপুল সংখ্যক গাঁজা গাছ ধ্বংস হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।যাত্রাপুর থানার ওসি পার্থ নাথ ভৌমিক স্পষ্ট জানিয়েছেন, এই অভিযান কোনও সাময়িক কর্মসূচি নয়। আরক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনে আগামী দিনেও ধারাবাহিকভাবে গাঁজা বাগান ধ্বংসের অভিযান চলবে।

প্রশ্ন উঠছে, জঙ্গলের গভীরে এত বড় বড় গাঁজা বাগান কারা গড়ে তুলছে এবং এর পেছনে কারা জড়িত? শুধু গাছ কেটে ধ্বংস করলেই কি এই অবৈধ কারবারের মূলে পৌঁছানো সম্ভব, নাকি চাষের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে? এখন নজর পুলিশের পরবর্তী অভিযানের দিকে।

For All Latest Updates

খাস খবর