Kailasahar RGM Hospital : রোগী দেখাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলো কৈলাসহরের রাজীব গান্ধী মেমোরিয়াল (আরজিএম) মহকুমা হাসপাতালে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে রোগীর আত্মীয়-পরিজনদের বাকবিতণ্ডা থেকে পরিস্থিতি ধস্তাধস্তির পর্যায়ে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতালে মোতায়েন করা হয় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানদের। গোটা হাসপাতাল চত্বরে বর্তমানে থমথমে পরিবেশ বিরাজ করছে।
ঘটনার বিবরণে জানা যায়, প্রতিদিনের মতো আজ সকাল ৯টা থেকে হাসপাতালের বহির্বিভাগে রোগী দেখছিলেন চিকিৎসক চিরঞ্জীব দেব। দুপুর সাড়ে ৩টা নাগাদ এক মহিলা তাঁর ১৯ বছরের অসুস্থ সন্তানকে নিয়ে চিকিৎসকের কক্ষে প্রবেশ করেন। চিকিৎসকের অভিযোগ, ওই মহিলা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন।
অন্যদিকে, অসুস্থ যুবকের মায়ের অভিযোগ সম্পূর্ণ ভিন্ন। তাঁর দাবি, অসুস্থ সন্তানকে নিয়ে চিকিৎসকের কক্ষে যাওয়ার পর প্রথমে চিকিৎসক রোগী দেখতে অনীহা প্রকাশ করেন। পরবর্তীতে বারবার অনুরোধ করার পর চিকিৎসক শারীরিক পরীক্ষা করেন। সেই সময় চিকিৎসকের সঙ্গে থাকা নার্স, পুরুষ স্বাস্থ্যকর্মী এবং নিরাপত্তারক্ষীরা তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন বলে অভিযোগ করেন তিনি। এমনকি তাঁর শরীরের বিভিন্ন অংশে স্পর্শ করার মতো গুরুতর অভিযোগও তুলেছেন ওই মহিলা।
যদিও মহিলার তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন চিকিৎসক চিরঞ্জীব দেব। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই অসুস্থ যুবকের আত্মীয়-পরিজনরা হাসপাতালে ছুটে আসেন। এরপর হাসপাতালের কর্মীদের সঙ্গে তাঁদের তীব্র বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে কৈলাসহর থানায় খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ অফিসার রন্টি পালের নেতৃত্বে পুলিশ ও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা হাসপাতালে পৌঁছান। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এক যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
একদিকে চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, অন্যদিকে রোগীর মায়ের তোলা শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ—দুই পক্ষের বক্তব্য ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে প্রকৃত ঘটনা কী, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই সামনে আসবে। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা পরিষেবা কেন্দ্রে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় রোগী ও তাঁদের পরিজনদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।






