Bishalgarh Churi News : কালীপুজো দেখতে সপরিবারে বাড়ি থেকে বেরিয়েছিলেন পরিবারের সদস্যরা। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটাল চোরের দল। ঘটনাটি ঘটেছে পূর্ব গকুলনগরের সাহাপাড়া এলাকায়। এই চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গেছে, নিরঞ্জন সূত্রধরের পরিবারের সদস্যরা গতকাল সকালে কালীপুজো দেখার উদ্দেশ্যে আগরতলায় যান। পরিবারের কেউ বাড়িতে না থাকার সুযোগে চোরের দল বাড়িতে প্রবেশ করে। পরবর্তীতে তাঁরা বাড়িতে ফিরে এসে দেখতে পান ঘরের দরজা ভাঙা অবস্থায় রয়েছে। শুধু তাই নয়, ঘরের ভিতরে থাকা সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। বাড়ির এমন দৃশ্য দেখে রীতিমতো হতবাক হয়ে পড়েন নিরঞ্জন সূত্রধরের পরিবারের সদস্যরা।
পরিবারের পক্ষ থেকে জানা গেছে, চোরের দল বাড়ি থেকে প্রায় ছয় থেকে সাত ভরি স্বর্ণালংকার এবং নগদ ২২ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে। ঘটনার পর মঙ্গলবার সকালে বিষয়টি জানানো হয় বিশালগড় থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে।
এদিকে, নিরঞ্জন সূত্রধরের পরিবারের পক্ষ থেকে বিশালগড় থানায় একটি লিখিত চুরির অভিযোগ দায়ের করা হয়েছে। কে বা কারা এই চুরির ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
প্রশ্ন উঠছে, জনবসতিপূর্ণ এলাকায় কীভাবে এমন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল? চোরের দলকে শনাক্ত করে গ্রেফতার করা এবং চুরি যাওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা এখন পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ। বিশালগড় থানার পুলিশ এই ঘটনায় কত দ্রুত সাফল্য পায়, সেদিকেই তাকিয়ে রয়েছেন নিরঞ্জন সূত্রধরের পরিবার-পরিজন ও স্থানীয় বাসিন্দারা।






