খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 14 October 2026 - 03:50 AM
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ - ০৩:৫০ পূর্বাহ্ণ

Gandhigram School News : গণিত কে ভয় নয়, গান্ধিগ্রাম স্কুলের অভিনব উদ্যোগে খুশি শিক্ষার্থীরা

Gandhigram School News
1 minute read

Gandhigram School News : গণিতকে ভীতির বিষয় নয়, বরং আনন্দ ও আগ্রহের মাধ্যমে শেখার বিষয় হিসেবে ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরার লক্ষ্যে গান্ধীগ্রাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য গণিত মেলা। মেলায় শিক্ষার্থীরা গণিতের বিভিন্ন বিষয়ের ওপর তৈরি মোট ৯০টি মডেল প্রদর্শন করে। তাদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং গণিতের প্রতি আগ্রহ উপস্থিত অতিথি, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের নজর কাড়ে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয়ের ওএসডি সাধন কুমার নাগ। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপন রায় এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা চুমকি চাকমা।

প্রধান অতিথি সাধন কুমার নাগ তাঁর বক্তব্যে গণিত শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, গণিত কেবল পাঠ্যপুস্তকের সূত্র ও হিসাবের মধ্যে সীমাবদ্ধ নয়; দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রেই এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীরা নিজেদের চিন্তাভাবনা ও সৃজনশীলতার মাধ্যমে যেভাবে বিভিন্ন গাণিতিক ধারণাকে মডেলের সাহায্যে তুলে ধরেছে, তা বাস্তবভিত্তিক শিক্ষার প্রতি তাদের আগ্রহের পরিচয় বহন করে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের যুক্তিবোধ, সমস্যা সমাধানের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি, পশ্চিম ত্রিপুরা জেলায় সম্ভবত এই প্রথম গণিত মেলার আয়োজন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মেলায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে নিজেদের তৈরি মডেল অতিথি ও দর্শনার্থীদের সামনে তুলে ধরে। বিভিন্ন মডেলের মাধ্যমে গণিতের সূত্র, ধারণা ও ব্যবহারিক প্রয়োগ সহজভাবে বোঝানোর চেষ্টা করে তারা। শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতায় এই উদ্যোগ বিদ্যালয়ের শিক্ষামূলক পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপন রায় অনুষ্ঠানের সাফল্যের জন্য শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে এ ধরনের শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজনের ওপর গুরুত্ব দেন। সভাপতি চুমকি চাকমাও আনন্দদায়ক ও কার্যকর শিক্ষণপদ্ধতির গুরুত্ব তুলে ধরে আশা প্রকাশ করেন, এই গণিত মেলা শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি ভীতি দূর করে বিষয়টির প্রতি ভালোবাসা ও আগ্রহ বাড়াবে।
গোটা অনুষ্ঠানটি সুদৃশ্যভাবে সঞ্চালনা করেন বিদ্যালয়ের পিজিটি শিক্ষক জয় ঘোষ। হাতে-কলমে শিক্ষা ও সৃজনশীল চিন্তাভাবনার বিকাশে এই গণিত মেলা বিদ্যালয়ের একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

For All Latest Updates

খাস খবর