খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Monday, 12 October 2026 - 04:07 AM
সোমবার, ১২ অক্টোবর ২০২৬ - ০৪:০৭ পূর্বাহ্ণ

Ratan Lal Nath : খোয়াইয়ে কৃষকদের হাতেই সরকারি কার্যালয়ের উদ্বোধন করালেন মন্ত্রী রতন

Ratan Lal Nath
1 minute read

Ratan Lal Nath : কৃষকদের সম্মান জানাতে প্রচলিত রীতির বাইরে গিয়ে তাঁদের হাতেই সরকারি কার্যালয়ের উদ্বোধন করালেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। রবিবার খোয়াইয়ের অফিসটিলায় কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধীনে প্রায় চার কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দুই কৃষককে দিয়ে ফিতা কাটানো। কৃষকদের অবদানের স্বীকৃতি জানাতেই এই উদ্যোগ বলে জানা গেছে।

রবিবার দুপুর ১২টায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ, এসসি সাব-কমিটির চেয়ারম্যান সমীর কুমার দাস, জেলা পরিষদের সদস্য অনুকূল দাস, খোয়াই পৌর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা সহ কৃষি দপ্তরের আধিকারিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী রাজ্যের কৃষিক্ষেত্রের উন্নয়ন ও কৃষকদের আয় বৃদ্ধির প্রসঙ্গ তুলে ধরেন। তাঁর দাবি, বর্তমান সরকারের আমলে কৃষকদের আয় দ্বিগুণ হয়েছে। পাশাপাশি, কৃষিপণ্যের বিপণন ব্যবস্থাকে শক্তিশালী করতে কোটি কোটি টাকা ব্যয়ে কৃষি মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

নতুন কার্যালয় দুটি চালু হওয়ায় কৃষি দপ্তরের প্রশাসনিক কাজকর্ম আরও গতিশীল হবে এবং কৃষকদের সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। তবে এই পরিকাঠামো কৃষকদের বাস্তব সমস্যার সমাধানে কতটা কার্যকর ভূমিকা নেয়, এখন সেদিকেই নজর থাকবে।

For All Latest Updates

খাস খবর