Agartala Journalists Protest : আগরতলা প্রতিনিধি: সংবাদকর্মীদের উপর হামলার প্রতিবাদে এবং অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে শনিবার শ্যামলী বাজার এলাকায় রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন সংবাদ জগতের প্রতিনিধিরা। ঘটনার প্রায় তিন দিন অতিক্রান্ত হতে চললেও অভিযুক্তরা কেন এখনও পুলিশের জালে ধরা পড়েনি, সেই প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিকরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা না হলে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর রাতে আগরতলার শ্যামলী বাজার এলাকায় তিন সংবাদকর্মীর উপর হামলার অভিযোগ সামনে আসে। এই ঘটনায় সাংবাদিক শিবানন্দ শীল-সহ তিনজন আহত হন। আহতদের মধ্যে শিবানন্দ শীলের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে সংবাদমাধ্যমের কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়।
ঘটনার পর থেকেই হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক আইনি পদক্ষেপের দাবি উঠতে থাকে। সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিও জানানো হয়।
শনিবার শ্যামলী বাজার এলাকায় প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন সংবাদ জগতের বিশিষ্ট ব্যক্তিরা। উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার-সহ অন্যান্য সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। রাস্তায় বসে প্রতিবাদ জানানোর মধ্য দিয়ে তাঁরা এই হামলার বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেন।
বিক্ষোভ চলাকালীন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা প্রশ্ন তোলেন, ঘটনার এতটা সময় পেরিয়ে যাওয়ার পরও অভিযুক্তদের গ্রেফতার করতে কেন দেরি হচ্ছে? সংবাদকর্মীদের উপর হামলার মতো ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা আরও বিঘ্নিত হতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেন তাঁরা।
প্রতিবাদীদের স্পষ্ট দাবি, সংবাদকর্মীদের উপর হামলার ঘটনায় দায়ীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। এদিন আন্দোলনের খবর পেয়ে ছুটে আসেন থানাবাবুরা। ততসঙ্গে দ্রুত দোষীদের গ্রেফতারির আশ্বাস ও দেন।
এখন দেখার বিষয়, সংবাদকর্মীদের এই প্রতিবাদের পর পুলিশ প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে এবং অভিযুক্তরা আদৌ গ্রেফতার হয় কিনা।






