খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 25 March 2026 - 09:42 PM
বুধবার, ২৫ মার্চ ২০২৬ - ০৯:৪২ অপরাহ্ণ

Amtali Golaghati BJP : আমতলী-গোলাঘাটি আসনে বিজেপি প্রার্থী কানুরাজ দেববর্মার মনোনয়ন দাখিল! জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দল

Amtali Golaghati BJP
1 minute read

Amtali Golaghati BJP : এডিসি নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্যের রাজনৈতিক মহলে উত্তাপ বাড়ছে। তারই মধ্যে বুধবার দুপুরে ১৯ নম্বর আমতলী-গোলাঘাটি আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী কানুরাজ দেববর্মার সমর্থনে এক বিশাল র‍্যালির আয়োজন করা হয়। দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে র‍্যালিটি এলাকা পরিক্রমা করে বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ে পৌঁছায়। সেখানেই মহকুমা শাসকের নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন বিজেপি প্রার্থী।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রার্থী কানুরাজ দেববর্মা ছাড়াও সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, জেলা উত্তরের সভাপতি বিপ্লব চক্রবর্তী, চড়িলাম মণ্ডল সভাপতি তাপস দাসসহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। র‍্যালিকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায় এবং বিজেপি কর্মীদের মধ্যে ছিল যথেষ্ট উৎসাহ-উদ্দীপনা।

মনোনয়ন দাখিলের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কানুরাজ দেববর্মা জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ২০১৮ সাল থেকে রাজ্যে বিজেপি সরকার গঠনের পর মানুষের জন্য যেভাবে উন্নয়নমূলক কাজ হয়েছে, তা সাধারণ মানুষের কাছে স্পষ্ট। বিশেষ করে জনজাতি এলাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও কেন্দ্রীয় সহায়তার কথা তুলে ধরে তিনি দাবি করেন, এই উন্নয়নই আসন্ন নির্বাচনে বিজেপির পক্ষে জনসমর্থন এনে দেবে।

তিনি আরও বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উত্তর-পূর্বাঞ্চলের জন্য একাধিক উন্নয়ন প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যার সুফল ইতিমধ্যেই সাধারণ মানুষ পাচ্ছেন। তাঁর মতে, শিক্ষিত ও সচেতন মানুষ এই উন্নয়নকে উপলব্ধি করছেন এবং সেই কারণেই তারা বিজেপির পাশে থাকবেন।

বর্তমান রাজনৈতিক সমীকরণ প্রসঙ্গে প্রশ্ন করা হলে, যেখানে রাজ্যে টিপ্রা মথা ও আইপিএফটির সঙ্গে জোট সরকার চলছে, সেখানে পৃথকভাবে নির্বাচনে লড়াই করার বিষয়ে তিনি বলেন, গত পাঁচ বছর এডিসি এলাকায় টিপ্রা মথাকে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময়ে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেন তিনি। তাঁর কথায়, “মানুষ এখন বুঝে গিয়েছে, উন্নয়ন না হলে সেই নেতৃত্বের কোনো মূল্য নেই। তাই আগামী দিনে তারা পরিবর্তন চাইছে।”

প্রচার চলাকালীন সাধারণ মানুষের সমস্যার বিষয়েও তিনি গুরুত্ব দেন। কানুরাজ জানান, নির্বাচনী প্রচারে গিয়ে তিনি মানুষের কাছ থেকে বিভিন্ন সমস্যা ও দাবি শুনছেন। নির্বাচনে জয়ী হলে সেই সমস্যাগুলির সমাধান করাই হবে তাঁর প্রথম লক্ষ্য। তিনি বলেন, “জনগণের দাবি-দাওয়া পূরণ করাই আমাদের প্রধান দায়িত্ব। আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করব।”

অন্যদিকে, প্রচার চলাকালীন কিছু জায়গায় রাজনৈতিক অশান্তির অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, অতীতে চড়িলামসহ বিভিন্ন জনজাতি এলাকায় সভা বা কর্মসূচির সময় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে বিজেপি এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করে না বলে তিনি স্পষ্ট করেন। তাঁর মতে, “রাজনীতিতে অনেক কিছুই ঘটে, কিন্তু আমরা সবসময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতেই বিশ্বাস করি। কেউ যদি আক্রমণ করে, তার জবাব দেওয়ার ক্ষমতা আমাদের রয়েছে, তবে আমরা উত্তেজনায় না গিয়ে মানুষের জন্য কাজ করতে চাই।”

সব মিলিয়ে, মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে আমতলী-গোলাঘাটি আসনে রাজনৈতিক লড়াই যে জমে উঠেছে, তা স্পষ্ট। এখন দেখার, ভোটের ময়দানে শেষ পর্যন্ত জনতার রায় কোন দিকে যায় এবং এই আসনে কে জয়ের মুকুট পরে।

For All Latest Updates

ভিডিও