খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 21 March 2026 - 09:52 PM
শনিবার, ২১ মার্চ ২০২৬ - ০৯:৫২ অপরাহ্ণ

Cpim Candidate Amitava Dutta : ঈদগাহ থেকে প্রচারমাঠ—ঐক্যের বার্তায় ভোটযুদ্ধে নামলেন সিপিআই(এম) প্রার্থী

Cpim Candidate Amitava Dutta
1 minute read

Cpim Candidate Amitava Dutta : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উৎসবমুখর পরিবেশে রবিবার সকালে জনসংযোগে নামলেন সিপিআই(এম) প্রার্থী অমিতাভ দত্ত। দিনটির শুরুতেই তিনি পৌঁছে যান ধর্মনগর-এর ঈদগাহ ময়দানে, যেখানে নামাজ শেষে মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আলিঙ্গনের মাধ্যমে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা তুলে ধরে তিনি বলেন, “উৎসবের আনন্দ সবার। ধর্মনগরের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি গোটা বিশ্বের মানুষের জন্য শান্তি, সম্প্রীতি ও ঐক্যের কামনা করেন। তাঁর বক্তব্যে স্পষ্ট হয়, ধর্মের বিভাজনের বদলে সামাজিক সংহতিই উন্নয়নের মূল ভিত্তি। তিনি বলেন, “হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান—সবাইকে নিয়ে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ ঐতিহ্যকে আরও শক্তিশালী করতেই আমরা লড়াই করছি।”

ঈদগাহ ময়দান থেকে বেরিয়ে প্রার্থী সরাসরি চলে যান ধর্মনগরের নোয়াপাড়া এলাকায়। সেখানে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং বামফ্রন্টের পক্ষে সমর্থন চান। জনসংযোগের সময় তিনি মানুষের জীবন-জীবিকা, উন্নয়ন এবং গত আট বছরে মানুষের ভোগান্তির প্রসঙ্গ তুলে ধরেন। তাঁর দাবি, সাধারণ মানুষ পরিবর্তন চান এবং সেই পরিবর্তনের লক্ষ্যে বামফ্রন্টের আহ্বানে ইতিবাচক সাড়া দিচ্ছেন।

এদিন প্রচারের ফাঁকেই সাম্প্রতিক একটি বিতর্কিত বিষয় নিয়েও মুখ খোলেন অমিতাভ দত্ত। মনোনয়ন জমা দেওয়ার দিন SDM office-এ তাঁর জন্য নির্ধারিত চেয়ারে জল জমে থাকার ঘটনাকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল, তা নিয়ে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, ওই দিন বসার মতো কোনো উপযুক্ত ব্যবস্থা ছিল না, চারপাশে কাদা এবং চেয়ার ভেজা ছিল। তাই বাধ্য হয়েই তিনি মাটিতে বসেন এবং সেই ঘটনার প্রতিক্রিয়া জানান।

এই প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন ঘোষণা হওয়ার পরও যদি এমন অব্যবস্থা থাকে, তাহলে একজন প্রার্থী হিসেবে প্রতিবাদ জানানো আমার রাজনৈতিক দায়িত্ব। এটা শুধু আমার বিষয় নয়, সবার জন্যই প্রযোজ্য।”

নির্বাচনী লড়াই নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী অমিতাভ দত্ত। তিনি স্পষ্টভাবে দাবি করেন, এই আসনে BJP কোনোভাবেই জয়লাভ করতে পারবে না। তাঁর মতে, জনগণ ইতিমধ্যেই বর্তমান সরকারের সঙ্গে বাম সরকারের পার্থক্য উপলব্ধি করেছেন। “২০১৮ সালে মানুষ বিজেপিকে সুযোগ দিয়েছিল, কিন্তু এখন তারা বুঝতে পারছে সেই সিদ্ধান্ত ভুল ছিল। এবার সেই ভুল সংশোধনের সুযোগ এসেছে,” বলেন তিনি।

সবশেষে তিনি জোর দিয়ে বলেন, জনগণের সক্রিয় সমর্থনই তাঁর জয়ের মূল চাবিকাঠি। উন্নয়ন, শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে তিনি আশাবাদী—ধর্মনগরের মানুষ এবার বামফ্রন্টের পক্ষেই রায় দেবে।

For All Latest Updates

ভিডিও