Teliamura News : আসন্ন তেলিয়ামুড়া মিউনিসিপ্যাল কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে ভোটকর্মীদের জন্য বিশেষ ফেসিলিটেশন সেন্টারে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার নেতাজিনগর হাইস্কুলে স্থাপিত এই ফেসিলিটেশন সেন্টারে ভোটগ্রহণের পরিস্থিতি পরিদর্শন ও পর্যালোচনা করেন তেলিয়ামুড়ার মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী। তাঁর দাবি, সম্পূর্ণ শান্তিপূর্ণ, অবাধ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ চলছে।
রিটার্নিং অফিসার জানান, রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী নির্বাচনী কাজে নিযুক্ত কর্মীদের ভোটদানের জন্য এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ২১ ও ২২ নভেম্বর, দুই দিন ধরে এই ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ থাকছে। নির্বাচনী দায়িত্বে নিযুক্ত কর্মীরা যাতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যেই এই ফেসিলিটেশন সেন্টারের ব্যবস্থা করা হয়েছে।
ভোটগ্রহণের অগ্রগতি সম্পর্কে তথ্য দিতে গিয়ে মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী জানান, এখনও পর্যন্ত মোট ৭০টি ফর্ম-১৪ জমা পড়েছে। এর মধ্যে শনিবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ৪৬টি ভোটের কাস্টিং সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বাকি ভোটগ্রহণ প্রক্রিয়াও সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে, ভোটগ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার জন্য ফেসিলিটেশন সেন্টারে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের উপস্থিতিও নিশ্চিত করা হয়েছে। রিটার্নিং অফিসার জানান, নেতাজিনগর হাইস্কুলে স্থাপিত ভোটগ্রহণ কেন্দ্রে দুটি রাজনৈতিক দলেরই পোলিং এজেন্ট স্বশরীরে উপস্থিত রয়েছেন। তাঁদের উপস্থিতিতেই নিয়ম মেনে ভোটগ্রহণ চলছে।
তিনি আরও জানান, এখনও পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে গোটা প্রক্রিয়ার উপর নজরদারি রাখা হচ্ছে, যাতে ভোটকর্মীরা কোনওরকম অসুবিধা ছাড়াই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন।
উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর রাজ্যের অন্যান্য নগর সংস্থার পাশাপাশি তেলিয়ামুড়া মিউনিসিপ্যাল কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হবে। মূল নির্বাচনের আগে ভোটকর্মীদের এই বিশেষ ভোটদান প্রক্রিয়াকে নির্বাচনী প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।






