খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 21 November 2026 - 02:06 AM
শনিবার, ২১ নভেম্বর ২০২৬ - ০২:০৬ পূর্বাহ্ণ

MLA Swapna Debbarma : বাঙালি জাতির যুবকদের নিয়ে বিধায়িকা স্বপ্না দেববর্মার মন্তব্যে নিন্দার ঝড়, প্রতিবাদে সরব ‘আমরা বাঙালি’

MLA Swapna Debbarma
1 minute read

MLA Swapna Debbarma : বাঙালি জাতির যুবকদের নিয়ে মথার বিধায়িকা তথা মান্দাই কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দেববর্মার বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বাঙালি যুবকদের ধর্ষক বলে আখ্যায়িত করার অভিযোগ তুলে বিধায়িকার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদে সরব হয়েছে ‘আমরা বাঙালি’ সংগঠন। একজন নির্বাচিত জনপ্রতিনিধি কীভাবে একটি নির্দিষ্ট জাতিগোষ্ঠীকে নিশানা করে এমন মন্তব্য করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠনটি।

শুক্রবার এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে বিধায়িকা স্বপ্না দেববর্মার মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সংগঠনের সদস্যরা। তাঁদের বক্তব্য, একজন বিধায়িকা জাতি-জনজাতি নির্বিশেষে সমগ্র এলাকার মানুষের জনপ্রতিনিধি। সেই জায়গায় দাঁড়িয়ে কোনও একটি নির্দিষ্ট জাতির যুবসমাজকে এভাবে অপমান করা অত্যন্ত নিন্দনীয়। জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের মন্তব্য কোনওভাবেই কাম্য নয় বলেও দাবি করেন তাঁরা।

একই সঙ্গে বিধায়িকার বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি পদক্ষেপের দাবিও তুলেছে সংগঠনটি। তাদের প্রশ্ন, রাজ্যে জনজাতি সম্প্রদায়ের কাউকে নিয়ে কোনও আপত্তিকর মন্তব্য করা হলে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ, আন্দোলন এবং আইনি পদক্ষেপের দাবি ওঠে। এমনকি সংশ্লিষ্ট ঘটনায় মামলা ও গ্রেফতারের মতো পদক্ষেপও দেখা যায়। কিন্তু বাঙালি যুবকদের নিয়ে একজন নির্বাচিত বিধায়িকার এমন মন্তব্যের পরও কেন একই ধরনের প্রতিবাদ কিংবা আইনি তৎপরতা চোখে পড়ছে না ? কেন শাসক দলের পক্ষ থেকেও এ বিষয়ে কোনও স্পষ্ট প্রতিক্রিয়া নেই? এই দ্বৈত অবস্থানের কারণ কী, তা নিয়েও প্রশ্ন তুলেছে ‘আমরা বাঙালি’।

সাংবাদিক বৈঠকে সংগঠনের পক্ষ থেকে বাঙালি সমাজের অভ্যন্তরীণ ঐক্যের বিষয়টিও সামনে আনা হয়। তাঁদের প্রশ্ন, জনজাতি সম্প্রদায়ের মানুষের সম্মান ও অস্তিত্বের প্রশ্নে যেভাবে ঐক্যবদ্ধ প্রতিবাদ দেখা যায়, বাঙালি সমাজের ক্ষেত্রেও সেই সংহতি কেন প্রতিফলিত হয় না ? বাঙালিদের মধ্যে ঐক্যের অভাবই কি একাংশকে বারবার এমন মন্তব্য করার সাহস জোগাচ্ছে ? এই প্রশ্নও তুলে ধরা হয়।

সংগঠনের বক্তব্য, কোনও জাতি বা সম্প্রদায়কে সামগ্রিকভাবে অপমান করা কিংবা একটি গোষ্ঠীর সকল যুবককে অপরাধী হিসেবে চিহ্নিত করা সমাজের সম্প্রীতির পক্ষে ক্ষতিকর। এ ধরনের মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ হওয়া জরুরি।
সব মিলিয়ে স্বপ্না দেববর্মার কথিত মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক ও সামাজিক মহল। এখন দেখার, এই বিতর্কে সংশ্লিষ্ট বিধায়িকা, প্রশাসন এবং শাসক দলের পক্ষ থেকে কী ধরনের প্রতিক্রিয়া সামনে আসে।

For All Latest Updates

খাস খবর