Teliamura BJP Campaign : আসন্ন তেলিয়ামুড়া পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচারের শেষ লগ্নে নিজেদের সাংগঠনিক শক্তি প্রদর্শনে পথে নামল শাসক দল বিজেপি। ১৫টি ওয়ার্ডের দলীয় মনোনীত প্রার্থীদের সঙ্গে নিয়ে তেলিয়ামুড়ার রাজপথে সুবিশাল র্যালি এবং ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি জনসংযোগের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করল গেরুয়া শিবির। শুক্রবার, ২৮ তেলিয়ামুড়া বিজেপি মণ্ডল কার্যালয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় এবং রাজ্য প্রভারী মৃগাঙ্ক দেও বর্মনের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। আসন্ন পুর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আয়োজিত এই বৈঠকে ১৫টি ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী, দলীয় নেতৃত্ব এবং কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। নির্বাচনী রণকৌশল, সাংগঠনিক প্রস্তুতি এবং প্রচারের শেষ পর্যায়ের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে তেলিয়ামুড়ার রাজপথে বের হয় এক বর্ণাঢ্য র্যালি। ১৫টি ওয়ার্ডের প্রার্থীদের উপস্থিতিতে র্যালিটি বাজার এলাকা পরিক্রমা করে। বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতিতে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে। এই কর্মসূচির মধ্য দিয়েই নির্বাচনের অন্তিম পর্যায়ে নিজেদের শক্তি ও সাংগঠনিক তৎপরতার বার্তা দিতে চায় বিজেপি। র্যালি চলাকালীন প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের অভাব-অভিযোগ ও মতামত শোনেন। জনসংযোগের ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, নির্বাচনের শেষ পর্যায়ে সাধারণ মানুষের মধ্যে কী ধরনের উৎসাহ ও উদ্দীপনা রয়েছে, তা সরেজমিনে দেখতেই তাঁর এই কর্মসূচি। পাশাপাশি তিনি ভোটারদের কাছে পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান।
এদিন বিরোধীদেরও কড়া ভাষায় আক্রমণ করেন প্রদেশ সভাপতি। তাঁর দাবি, বিরোধীদের মাঠে-ময়দানে কার্যত কোনও উপস্থিতি নেই। তাঁর কটাক্ষ, ভিআইপি কক্ষে বসে আলোচনা ও পরিকল্পনার মাধ্যমে কীভাবে জনগণকে বিভ্রান্ত করা যায়, তা নিয়েই ব্যস্ত বিরোধীরা। এদিনের কর্মসূচিতে প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় ও রাজ্য প্রভারী মৃগাঙ্ক দেও বর্মন ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায়, ২৮ তেলিয়ামুড়া মণ্ডল সভাপতি অচিন্ত্য ভট্টাচার্য-সহ অন্যান্য দলীয় নেতৃত্ব।
সব মিলিয়ে নির্বাচনের শেষ লগ্নে সুবিশাল র্যালি ও ব্যবসায়ীদের সঙ্গে জনসংযোগের মধ্য দিয়ে তেলিয়ামুড়ায় প্রচারের ঝড় তুলতে চাইছে বিজেপি। তবে রাজপথের এই শক্তি প্রদর্শন ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।






