খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 20 November 2026 - 02:06 AM
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ - ০২:০৬ পূর্বাহ্ণ

Amra Bangali News : বাঙালি গৃহবধূকে ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ‘আমরা বাঙালী’

Amra Bangali News
1 minute read

Amra Bangali News : সাব্রুমের পূর্ব লুধুয়া এডিসি ভিলেজের অন্তর্গত নতুন পাড়ার এক বাঙালি গৃহবধূকে ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল বাঙালি মহিলা সমাজ ও ‘আমরা বাঙালী’ দল।

জানা গেছে, দীপাবলির রাতে বিজেপির জনজাতি মোর্চার দুই সদস্য দশহ ত্রিপুরা ও সুবল ত্রিপুরার বিরুদ্ধে ওই গৃহবধূকে প্রসাদের সঙ্গে কিছু মিশিয়ে খাইয়ে অচৈতন্য করার পর ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগ, ঘটনার বিচার না পেয়ে সামাজিক লজ্জা ও অপমান সহ্য করতে না পেরে ওই মহিলা নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে তিনি জিবি হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন এবং মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।


ঘটনার খবর পাওয়ার পর বাঙালি মহিলা সমাজ ও আমরা বাঙালী দলের একটি প্রতিনিধি দল জিবি হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে নির্যাতিতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান।বাঙালি মহিলা সমাজের সচিব কানন দাস অভিযোগ করেন, ঘটনার দীর্ঘদিন পেরিয়ে গেলেও অভিযুক্তদের পরিচয় জানা থাকা সত্ত্বেও সাব্রুম থানার পুলিশ এখনও তাঁদের গ্রেপ্তার করেনি। তিনি পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন, নারী নির্যাতনের মতো গুরুতর ঘটনায় প্রশাসনের এমন নিষ্ক্রিয়তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাঁর অভিযোগ, একই ঘটনা অন্য সম্প্রদায়ের কোনও মহিলার ক্ষেত্রে ঘটলে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যেত। নারী নিরাপত্তার ক্ষেত্রে কোনও ধরনের বৈষম্য গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন।

প্রতিনিধি দলের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, রাজ্যে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন আইন ও বিধির কথা বলা হলেও বাস্তবে তার যথাযথ প্রয়োগ হচ্ছে না। রাজনৈতিক পরিচয় বা সম্প্রদায় নির্বিশেষে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।এদিকে, ভগবান ঠাকুর চৌমুহনীতে এক বাঙালি শিক্ষকের বিরুদ্ধে জনজাতি ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে তাঁকে মারধরের ঘটনাতেও উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। তাদের দাবি, অভিযোগের সত্যতা যাচাই না করে কাউকে মারধর করা আইনবিরোধী। পাশাপাশি ওই শিক্ষকের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে
পুলিশের মহা নির্দেশকের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেও জরুরি বৈঠকের কারণে তা সম্ভব হয়নি বলে প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রশাসনের কাছে সংগঠনগুলির পক্ষ থেকে পাঁচ দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলির মধ্যে রয়েছে, সাব্রুমের ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, নারী নির্যাতনের মামলায় দ্রুত বিচার, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে অপরাধীদের শাস্তি, ভগবান চৌমুহনীর ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং শিক্ষকসহ মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।নারীর নিরাপত্তা ও আইনের সমান প্রয়োগ নিশ্চিত করতে রাজ্য সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাঙালি মহিলা সমাজ ও আমরা বাঙালী দল।

For All Latest Updates

খাস খবর