Sonamura News : নাবালিকা নাতনিকে নির্যাতন ও খুনের ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল সোনামুড়া থানা এলাকার একটি গ্রাম। প্রায় সাত মাস আগের সেই চাঞ্চল্যকর ঘটনার মামলায় অভিযুক্ত ঠাকুরদা, কাকা ও ঠাম্মা প্রায় তিন মাস আগে জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফেরেন।
অভিযোগ, বাড়ি ফেরার পর থেকেই তাঁরা পুনরায় বাংলা মদ বিক্রি ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়েছেন। এদিকে, নির্যাতনের শিকার নাবালিকার বাবাকে বিভিন্ন সময় অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্ত পরিবারের সদস্যদের বিরুদ্ধে। শুধু তাই নয়, নাবালিকার বাবার পাশাপাশি গ্রামের অন্যান্য বাসিন্দাদেরও মারধরের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে কাকা বাবলুর বিরুদ্ধে। এই সমস্ত অভিযোগকে কেন্দ্র করে আজ সকালে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অভিযোগ, দীর্ঘদিনের ক্ষোভ থেকে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের দোকানে ভাঙচুর চালান এবং তাঁকে মারধর করেন। ঘটনায় আহত হন ওই ঠাকুরদা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান। অন্যদিকে, ঘটনার খবর পেয়ে সোনামুড়া থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়। গোটা পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, নাবালিকা নির্যাতন ও খুনের মতো গুরুতর অভিযোগের মামলায় অভিযুক্তদের জামিনে মুক্তির পর থেকেই এলাকায় অসন্তোষ তৈরি হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে। তবে দোকান ভাঙচুর ও মারধরের ঘটনায় কারা জড়িত এবং অভিযোগগুলির সত্যতা কতটা, তা তদন্তের পরই স্পষ্ট হবে।






