খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Monday, 9 November 2026 - 09:13 PM
সোমবার, ৯ নভেম্বর ২০২৬ - ০৯:১৩ অপরাহ্ণ

Nalchar DYFI News : দীপাবলি উপলক্ষে সুকুমার বর্মন মেমোরিয়াল হাসপাতালে রোগীদের মধ্যে ফল, মিষ্টি ও পানীয় জল বিতরণ

Nalchar DYFI News
1 minute read

Nalchar DYFI News : দীপাবলির আনন্দ ও উৎসবের আবহে সমাজের অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির গড়ল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (ডিওয়াইএফআই)-এর নলচর অঞ্চল কমিটি। দীপাবলি উৎসব উপলক্ষে সংগঠনের উদ্যোগে সুকুমার বর্মন মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল, মিষ্টি ও পানীয় জল বিতরণ করা হয়। উৎসবের আনন্দ যাতে হাসপাতালের শয্যায় চিকিৎসাধীন রোগীদের কাছেও পৌঁছে যায়, সেই ভাবনা থেকেই এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নলছরের প্রাক্তন বিধায়ক তপন দাস, বামপন্থী যুব ফেডারেশনের সোনামুড়া মহকুমা কমিটির সভাপতি সুমন দে, নলচর অঞ্চল কমিটির সভাপতি প্রসেনজিৎ ভৌমিক, সম্পাদক বিশ্বজিৎ শর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন তনয়া দাস, দীপঙ্কর দেবনাথ-সহ সংগঠনের অন্যান্য কর্মী ও নেতৃত্বরা। তাঁরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে রোগীদের হাতে ফল, মিষ্টি ও এক বোতল পানীয় জল তুলে দেন।

এই কর্মসূচি প্রসঙ্গে একান্ত সাক্ষাৎকারে বামপন্থী যুব নেতা সুমন দে বলেন, মানুষের বিভিন্ন দাবি ও সমস্যা নিয়ে সংগঠন নিয়মিত আন্দোলন ও সংগ্রাম করে থাকে। তবে আন্দোলনের পাশাপাশি সমাজের মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক দায়িত্ব পালন করাও সংগঠনের অন্যতম কর্তব্য।

তিনি আরও বলেন, দীপাবলি উপলক্ষে প্রত্যেকেই নিজেদের বাড়িতে শ্যামা মায়ের পুজো ও উৎসবের আনন্দ উপভোগ করেছেন। কিন্তু একই সময়ে অনেক মানুষ অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যেও উৎসবের আনন্দ কিছুটা ভাগ করে দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেই সংগঠনের কর্মীদের সঙ্গে আলোচনা করে এই কর্মসূচি গ্রহণ করা হয়। রোগীদের সাময়িক টিফিনের কথা মাথায় রেখে তাঁদের হাতে ফল, মিষ্টি ও পানীয় জল তুলে দেওয়া হয়েছে।

পাশাপাশি আগামী দিনেও আন্দোলন-সংগ্রামের পাশাপাশি এ ধরনের সমাজসেবামূলক কর্মসূচি অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি। সব মিলিয়ে দীপাবলির উৎসবকে কেন্দ্র করে ডিওয়াইএফআইয়ের এই উদ্যোগ মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার এক সুন্দর দৃষ্টান্ত হয়ে উঠেছে।

For All Latest Updates

খাস খবর