খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 21 May 2026 - 03:40 PM
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ - ০৩:৪০ অপরাহ্ণ

Sonamura CPIM News : এঞ্জেল চাকমা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিশ্ব শান্তির দাবিতে সোনামুড়ায় বামপন্থীদের সমাবেশ

Sonamura CPIM News
1 minute read

Sonamura CPIM News : সোনামুড়ায় একাধিক ইস্যুতে প্রতিবাদী কর্মসূচিতে শামিল হলো বামপন্থীরা। শনিবার দুপুরে সোনামুড়া মহকুমার অন্তর্গত দুর্লভ নারায়ণ সিপিআইএম অঞ্চল কমিটির উদ্যোগে বাণিজ্যিক এলাকায় একটি প্রতিবাদ মিছিল ও পরবর্তী বাজার সভা অনুষ্ঠিত হয়।

মিছিলটি বিভিন্ন এলাকা পরিক্রমা করে শেষ হয় এক জমায়েত সভার মাধ্যমে। মিছিলে অংশগ্রহণকারীরা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর মৌলবাদী হামলার তীব্র নিন্দা জানান। পাশাপাশি এঞ্জেল চাকমার মৃত্যুর ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিও তোলা হয়। আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে আমেরিকান সাম্রাজ্যবাদের আগ্রাসনের বিরুদ্ধে এবং ভেনেজুয়েলার জনগণের প্রতি সংহতি জানিয়ে স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। “অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবেই” এবং “সাম্রাজ্যবাদ ও মৌলবাদের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ অব্যাহত থাকবে”—এই বার্তাই উঠে আসে মিছিল থেকে।

মিছিল শেষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিপিআইএম দুর্লভ নারায়ণ অঞ্চল কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম। এছাড়াও বক্তব্য রাখেন সিপিআইএম সোনামুড়া মহকুমা সম্পাদকমণ্ডলীর সদস্য অধীর ভৌমিক এবং নলচর বিধানসভার প্রাক্তন বিধায়ক তপন দাস।

বক্তারা তাঁদের বক্তব্যে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী বিদেশনীতি ও সাম্রাজ্যবাদী মানসিকতার কঠোর সমালোচনা করেন। তাঁদের অভিযোগ, মার্কিন নেতৃত্ব নিজেদের ‘পৃথিবীর পুলিশ’ হিসেবে তুলে ধরে বিভিন্ন দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করছে। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তে গোটা বিশ্বে উদ্বেগ তৈরি হয়েছে বলেও বক্তারা মন্তব্য করেন।

তাঁরা আরও বলেন, আজ বিশ্বের বিভিন্ন দেশে শান্তিকামী মানুষ যুদ্ধ ও আগ্রাসনের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। ভেনেজুয়েলা ইস্যুতে মার্কিন হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়ে আন্তর্জাতিক স্তরে প্রতিরোধ গড়ে উঠছে। আগামী দিনেও ত্রিপুরা রাজ্যে এই ধরনের প্রতিবাদ আন্দোলন আরও জোরদার হবে বলে সিপিআইএম নেতৃত্ব জানিয়েছেন।

For All Latest Updates

ভিডিও