খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 24 November 2026 - 05:17 PM
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ - ০৫:১৭ অপরাহ্ণ

Kakraban Foreign liquor News : কাকড়াবনে বিলাতি মদের কাউন্টার ঘিরে ক্ষোভ, মদ্যপদের দৌরাত্ম্যে নিরাপত্তাহীনতায় মহিলা ও পড়ুয়ারা!

Kakraban Foreign liquor News
1 minute read

Kakraban Foreign liquor News : কাকড়াবন বাজারে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তার পাশেই রয়েছে বিলাতি মদের কাউন্টার। আর এই কাউন্টারকে কেন্দ্র করেই ক্রমশ বাড়ছে এলাকাবাসীর ক্ষোভ। অভিযোগ, সন্ধ্যা নামলেই কাউন্টারের সামনে একাংশের মদ্যপ ব্যক্তির দৌরাত্ম্যে চরম অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এর ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকার মহিলা, স্কুল-কলেজের পড়ুয়া এবং সাধারণ পথচারীরা। পরিস্থিতির প্রতিকার চেয়ে এবার কাকড়াবন থানার দ্বারস্থ হলেন ক্ষুব্ধ এলাকাবাসী।

জানা যায়, রাণী পঞ্চায়েতের অধীনস্থ এলাকায় অবস্থিত এই বিলাতি মদের কাউন্টারটি। প্রতিদিন এই রাস্তা দিয়েই অসংখ্য স্কুলছাত্রছাত্রী, কলেজ পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা এবং মহিলারা কাকড়াবন বাজারে যাতায়াত করেন। কিন্তু স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর কাউন্টারের সামনে একাংশের মদ্যপ ব্যক্তির আচরণে সাধারণ মানুষের চলাচল কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে।

এলাকাবাসীর অভিযোগ, কাউন্টারের সামনে প্রকাশ্যে মদ্যপান, অশালীন ভাষায় গালিগালাজ, চিৎকার-চেঁচামেচি এবং ঝগড়াঝাঁটি প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এমনকি রাস্তা দিয়ে যাতায়াতকারী মহিলাদের সামনে প্রকাশ্যে প্রস্রাব করার মতো অশালীন আচরণের অভিযোগও উঠেছে। ফলে চরম বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে মহিলাদের। মদের তীব্র গন্ধের কারণে ওই রাস্তা দিয়ে চলাচল করতেও সমস্যায় পড়ছেন বলে দাবি স্থানীয়দের।

এই পরিস্থিতিতে আর নীরব থাকতে রাজি নন এলাকাবাসী। নিজেদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা জানিয়ে কাকড়াবন থানার ওসি পলাশ দত্তের কাছে আনুষ্ঠানিকভাবে ডেপুটেশন প্রদান করেন তাঁরা। তাঁদের দাবি, অবিলম্বে এই সমস্যার স্থায়ী সমাধান করতে হবে এবং সন্ধ্যার পর এলাকায় পুলিশি নজরদারি বাড়াতে হবে।

অন্যদিকে, মদের কাউন্টারের পাশেই একটি রেস্টুরেন্ট পরিচালিত হওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, মদের কাউন্টার ও রেস্টুরেন্টের অবস্থান এবং পরিচালনার ক্ষেত্রে কোনও আইনগত বিধিনিষেধ লঙ্ঘন হচ্ছে কি না, তা প্রশাসনের পক্ষ থেকে খতিয়ে দেখা হোক।

এলাকাবাসীর বক্তব্য, কোনও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার পর প্রশাসনের পদক্ষেপের অপেক্ষায় থাকতে চান না তাঁরা। তার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।এখন দেখার বিষয়, এলাকাবাসীর এই ডেপুটেশনের পরিপ্রেক্ষিতে কাকড়াবন থানার পুলিশ এবং গোমতী জেলা পুলিশ প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে। সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রশাসন কতটা কার্যকর ভূমিকা পালন করে, সেদিকেই তাকিয়ে রয়েছেন কাকড়াবনবাসী।

For All Latest Updates

খাস খবর