Tripura Drugs News : ত্রিপুরায় প্রবেশের আগেই প্রায় ১৭ কোটি টাকার নিষিদ্ধ নেশাজাতীয় কফ সিরাপের বিশাল চালান আটক করল অসম পুলিশ। অসমের শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচ পোস্টে পুলিশের নাকা তল্লাশিতে ধরা পড়ে রাঁচি থেকে আগরতলাগামী একটি ছয় চাকার কন্টেইনার। গাড়ির চালককে আটক করার পাশাপাশি উদ্ধার করা হয়েছে ৩৪ হাজার ৪৫০ বোতল এসকাফ কফ সিরাপ।
প্রতিদিনের মতো চুরাইবাড়ি ওয়াচ পোস্টে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল অসম পুলিশ। সেই সময় RJ09GC-9924 নম্বরের কন্টেইনার গাড়িটিকে সন্দেহ হওয়ায় দাঁড় করিয়ে তল্লাশি শুরু হয়। পুলিশের দাবি, রঙের প্রোটিনের আড়ালে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল নিষিদ্ধ কফ সিরাপের বোতল। তল্লাশি চালিয়ে মোট ২৩০ কার্টুন থেকে ৩৪ হাজার ৪৫০ বোতল এসকাফ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীর কালোবাজারি মূল্য প্রায় ১৭ কোটি ২ লক্ষ ২৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ঘটনায় গাড়ির চালক রাজেন্দ্র প্রসাদকে আটক করা হয়েছে। তার বাড়ি বিহারের নাওয়াদা জেলায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, রাঁচি থেকে এই বিপুল পরিমাণ কফ সিরাপ নিয়ে আগরতলার উদ্দেশ্যে রওনা হয়েছিল। ইতিমধ্যেই মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গোটা পাচারচক্রের সন্ধানে তদন্ত শুরু করেছে অসম পুলিশ।
তবে এই ঘটনার পর সামনে এসেছে আরও কিছু চাঞ্চল্যকর অভিযোগ। সূত্রের দাবি, চালানটি নিরাপদে ত্রিপুরায় প্রবেশ করানোর দায়িত্বে ছিল প্রণব দেব ওরফে বাটুল এবং প্রসেনজিৎ ঘোষ ওরফে মামু। পাশাপাশি আগরতলার জিবি বাজারের সাহেব ও লিটন সাহার কাছে চালানটি পৌঁছানোর কথা ছিল বলে অভিযোগ উঠেছে।
আরও গুরুতর অভিযোগ, ত্রিপুরা পুলিশের কর্মী জুয়েলের নেতৃত্বে রজত, সুশান্ত ও লিটন নামে কয়েকজন পুলিশকর্মীকে ছয় লক্ষ টাকার বিনিময়ে কন্টেইনারটি নিরাপদে রাজ্যে প্রবেশ করানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। এমনকি, সূত্রের দাবি, দীর্ঘদিন ধরেই এই চক্রের সদস্যরা কফ সিরাপ বোঝাই গাড়ি ত্রিপুরায় প্রবেশ করানোর সঙ্গে যুক্ত। কখনও কখনও কফ সিরাপের চালানকে মদের গাড়ি হিসেবে পরিচয় দিয়ে পার করিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে।
সব মিলিয়ে চুরাইবাড়িতে ১৭ কোটি টাকার কফ সিরাপ উদ্ধারের ঘটনা ত্রিপুরায় মাদক পাচারের বৃহত্তর নেটওয়ার্ক নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এখন দেখার বিষয়, অসম পুলিশের তদন্তে এই চক্রের নেপথ্যে থাকা মূল কারবারিদের কতটা চিহ্নিত করা সম্ভব হয়। শুধু চালান আটক নয়, পাচারের সঙ্গে জড়িত প্রত্যেকের ভূমিকা নিরপেক্ষভাবে তদন্ত করে দোষ প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করাই এখন সময়ের দাবি।






