খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 28 November 2026 - 07:48 PM
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ - ০৭:৪৮ অপরাহ্ণ

Shubham Solitaire News : শুভম সলিটেয়ার আবাসনে ফ্ল্যাট হস্তান্তর ও রেজিস্ট্রি নিয়ে ক্ষোভ

Shubham Solitaire News
1 minute read

Shubham Solitaire News : কাশীপুরের শুভম সলিটেয়ার আবাসনে ফ্ল্যাট রেজিস্ট্রেশন, হস্তান্তর এবং কমন মেইনটেন্যান্স চার্জের হিসাব নিয়ে ক্রমশ বাড়ছে অসন্তোষ। আবাসনের ম্যানেজমেন্টের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হয়েছেন ফ্ল্যাট মালিকদের একাংশ। তাঁদের অভিযোগ, প্রতিশ্রুতি ও চুক্তি অনুযায়ী পরিষেবা না পাওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নেরও কোনও সন্তোষজনক উত্তর মিলছে না।

ফ্ল্যাট মালিকদের দাবি, চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ফ্ল্যাটের রেজিস্ট্রেশন ও হস্তান্তর সম্পন্ন করার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও অনেক ক্ষেত্রে সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। তাঁদের বক্তব্য, চুক্তিতে নির্ধারিত সময়ের পরে ফ্ল্যাট হস্তান্তরে বিলম্ব হলে ২ শতাংশ হারে সুদ দেওয়ার শর্ত উল্লেখ রয়েছে। কিন্তু সেই বিলম্বজনিত সুদের অর্থ কে এবং কীভাবে বহন করবে, তা নিয়ে ম্যানেজমেন্টের তরফে এখনও স্পষ্ট কোনও জবাব পাওয়া যায়নি বলে অভিযোগ।

মালিকদের আরও বক্তব্য, তাঁদের মধ্যে অনেকেই ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে ফ্ল্যাট কিনেছেন। নির্ধারিত সময়ে ফ্ল্যাটের রেজিস্ট্রেশন ও হস্তান্তর না হওয়ায় একদিকে যেমন তাঁরা নিজেদের ফ্ল্যাটের সম্পূর্ণ অধিকার ও ব্যবহার নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন, অন্যদিকে ব্যাঙ্কঋণের অতিরিক্ত সুদের বোঝাও বহন করতে হচ্ছে। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাঁদের।

এদিন নিজেদের বিভিন্ন দাবি ও অভিযোগ নিয়ে ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসতে গেলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে বলা হয় বলেও অভিযোগ তুলেছেন ফ্ল্যাট মালিকরা। পাশাপাশি, আবাসনটি সম্পূর্ণ আবাসিক কমপ্লেক্স হওয়া সত্ত্বেও সেখানে বাণিজ্যিক উদ্দেশ্যে অফিস ভাড়া দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাঁদের। আবাসিক এলাকার ভিতরে কীভাবে এই ধরনের বাণিজ্যিক কার্যকলাপের অনুমতি দেওয়া হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

ফ্ল্যাট মালিকদের দেওয়া তথ্য অনুযায়ী, শুভম সলিটেয়ার আবাসনে প্রায় ৩৩০ থেকে ৩৫০টি ফ্ল্যাট রয়েছে। এত সংখ্যক ফ্ল্যাটের মালিকদের কাছ থেকে সংগৃহীত কমন মেইনটেন্যান্স চার্জের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশেরও দাবি জানিয়েছেন তাঁরা। তাঁদের প্রশ্ন, মেইনটেন্যান্স বাবদ সংগৃহীত অর্থ কোন কোন খাতে এবং কীভাবে ব্যয় করা হচ্ছে, তার স্বচ্ছ হিসাব কেন সামনে আনা হচ্ছে না?

ফ্ল্যাট মালিকদের দাবি, অবিলম্বে রেজিস্ট্রেশন ও হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। একই সঙ্গে মেইনটেন্যান্সের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব এবং বিলম্বজনিত সুদের বিষয়ে ম্যানেজমেন্টকে লিখিতভাবে অবস্থান স্পষ্ট করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামার পাশাপাশি প্রয়োজনে রাস্তায় বসে প্রতিবাদ জানানোর হুঁশিয়ারিও দিয়েছেন মালিকদের একাংশ। এখন দেখার, ফ্ল্যাট মালিকদের এই অভিযোগ ও দাবির পরিপ্রেক্ষিতে ম্যানেজমেন্ট কী পদক্ষেপ গ্রহণ করে।

For All Latest Updates

খাস খবর