Sepahijala Ganja News : গাঁজা চাষের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেল সিপাহীজলা জেলা পুলিশ। ক্রাইম ব্রাঞ্চ, কলমচৌড়া থানা এবং STF-এর যৌথ উদ্যোগে উত্তর কলমচৌড়ার পাশানিয়া এলাকায় অভিযান চালিয়ে রিজার্ভ ফরেস্টের ভিতরে গড়ে ওঠা একটি গাঁজা বাগানের সন্ধান পাওয়া যায়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা এলাকায় অভিযান চালান। তল্লাশি চালানোর সময় জঙ্গলের ভিতরে গাঁজা চাষের সন্ধান মেলে। এরপর ওই বাগানে অভিযান চালিয়ে গাঁজা গাছগুলি কেটে ধ্বংস করে দেওয়া হয়।
যৌথ বাহিনীর অভিযানে কয়েক শতাধিক গাঁজা গাছ নষ্ট করা হয়েছে বলে জানা গেছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।রিজার্ভ ফরেস্টের মতো এলাকায় গোপনে গাঁজা চাষের বিরুদ্ধে পুলিশের এই অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে আরও জানা গেছে, অবৈধ গাঁজা চাষ ও মাদক কারবারের বিরুদ্ধে অভিযান আগামী দিনেও জারি থাকবে।
গাঁজা চাষ বন্ধ করতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রত্যন্ত এলাকাগুলিতেও নজরদারি আরও জোরদার করা হবে বলে পুলিশ সূত্রে খবর।






