Pradyut Bikram Manikya : শনিবার আগরতলার মানিক্যকোর্ট প্রাঙ্গণে তিপ্রা মথা দলের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে টি টি এডিসি নির্বাচনে জয়ী ও পরাজিত প্রার্থীদের একত্রিত করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন, সভাপতি বিজয় রাংখল, সাধারণ সম্পাদক বৃষকেতু দেববর্মা সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব।
বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রদ্যোত দেববর্মন জানান, নির্বাচনের ফলাফল ঘোষণার পর দলের সমস্ত প্রার্থীকে নিয়ে এই বিশেষ সভার আয়োজন করা হয়েছে। মূলত নির্বাচনের ফলাফল পর্যালোচনা করা এবং আগামী দিনে দলের কর্মপন্থা নির্ধারণই ছিল এই বৈঠকের উদ্দেশ্য।
নেতৃত্ব বা সাংগঠনিক পদে কোনো পরিবর্তন আসতে পারে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি স্পষ্টভাবে জানান যে এ বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি। তার মতে, দলের ভেতরে কে কোন পদে আছেন, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা। তিনি জোর দিয়ে বলেন, জনগণের স্বার্থে কোনো আপস করা হবে না।
প্রদ্যোত আরও বলেন, বর্তমানে তারা ‘অধিকারের লড়াই’-এ শামিল। ত্রিপুরার জনজাতিদের সাংবিধানিক অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত পদ বা রাজনৈতিক কৌশল নিয়ে বিতর্কে জড়ানো ঠিক নয়। তার কথায়, পদ সাময়িক হলেও জনগণের অধিকার স্থায়ী।
এদিন তিনি রাজ্যের বিভিন্ন স্থানে ঘটে চলা সহিংসতারও তীব্র নিন্দা জানান এবং সকলকে শান্তি বজায় রাখার আহ্বান করেন। তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সবাই ভারতীয়, তাই নিজেদের মধ্যে সংঘর্ষ না করে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।
এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী জুন মাসের মধ্যে ভিলেজ কাউন্সিল নির্বাচন হওয়ার সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেন। সেই নির্বাচনে অংশগ্রহণ করে তৃণমূল স্তরে গণতন্ত্রকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবে তিপ্রা মথা দল।



