MLA Ramu Das : দল যাই হোক, জনগন ভোট দিয়ে যেহেতু প্রতিনিধি বানিয়েছে তবে তাদের কথা শোনা, তাদের দাবী দাওয়া গুলো নিজের সাধ্য মত পুরন করা যে একজন প্রকৃত জনপ্রতিনিধির দায়িত্ব তা অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিলেন রাজ্যের ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের বাম বিধায়ক। রাজ্যে বামেরা সরকারে নেই বটে। তবে যে কটি আসনে তাদের আধিপত্য টিকে আছে তার একটি হচ্ছে ১৩ প্রতাপগড়।
এলাকার বিধায়ক রামু দাস বরাবরই নিজ এলাকার আম জনতার সাথে মিশে থাকেন। তাদের খোঁজ রাখেন, তাদের সমস্যা গুলোর কথা শোনেন। তাই জনগন ও উনাকে নিজেদের সমস্যার কথা জানান। এবার নিজ এলাকার জনসাধারনের দীর্ঘ দিনের আর্জি কে মান্যতা দিয়ে কথা রাখলেন বাম বিধায়ক রামু দাস।
বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থানুকূল্যে তৈরি করে দিলেন ১৫০ মিটার দীর্ঘ সিসি রোড। উল্লেখ্য, ১৩ প্রতাপগর বিধানসভার অন্তর্গত যোগেন্দ্র নগর বনকুমারি এলাকার কুমার পাড়া বাসীর দীর্ঘদিনের আর্জি ছিল তাদের এলাকার নিত্য চলাচলের একমাত্র রাস্তা টি কে যেন সংস্কার করে চলাচলের উপজুক্ত করে দেওয়া হয়। তাদের এই ডাকে সাড়া দিয়ে এলাকার বিধায়ক রামু দাস তার বিধায়ক উন্নয়ন তহবিল থেকে সর্ব মোট সাড়ে ৫ লক্ষ টাকা ব্যয় করে ২০২৫-২৬ অর্থ বর্ষে উক্ত রাস্তা টি সংস্কারের কাজ শুরু করান। নতুন সিসি রোড পেয়ে বর্তমানে অত্যন্ত খুশি স্থানীয়রা।
অন্যদিকে যোগেন্দ্র নগর এর কাটা শলা এলাকা বাসী ও দীর্ঘদিন ধরে তাদের এলাকার ৫০ মিটার দীর্ঘ একটি রাস্তা সংস্কারের আর্জি জানিয়েছিলেন। সেই আর্জি কেও মান্যতা দিয়ে ১ লক্ষ ৭০ হাজার টাকা ব্যয়ে একটি ব্রিক সলিং রাস্তা নির্মাণ করে দেওয়া হয়েছে উক্ত এলাকায়। উভয় কাজ সম্পন্ন হওয়াতেই দুই এলাকার মানুষ যথেষ্ট আনন্দ ব্যক্ত করেছেন। এলাকায় এর আগেও বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ দিয়ে কাজ করিয়ে প্রশংসা কুড়িয়েছেন রামু দাস। জনপ্রতিনিধি হিসেবে উনি যেভাবে নিজ দায়িত্ব পালন করছেন তা আগামী দিনে উনার স্থিতিশীলতা কে আরো মজবুত করবে বলেই মনে করেন তার এলাকার মানুষ।



