খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 19 September 2026 - 01:07 PM
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ - ০১:০৭ অপরাহ্ণ

Kumarghat Vishwakarma Puja : রাইফেল হাতে মানব সেবায় নিয়োজিত টিএসআর জওয়ানেরা ব্রতী দেব শিল্পির আরাধনায়

Kumarghat Vishwakarma Puja
1 minute read

Kumarghat Vishwakarma Puja : রাইফেল হাতে যারা দেশ ও রাজ্যের মানুষের নিরাপত্তার দায়িত্ব সামলান, বিশ্বকর্মা পুজোর দিনে সেই জওয়ানদের হাতেই সেজে উঠল দেবশিল্পীর মণ্ডপ। শুধু মণ্ডপ সাজানোই নয়, পুরোহিতের ভূমিকাতেও দেখা গেল এক রাইফেলম্যানকে। তাঁর মন্ত্রোচ্চারণেই পূজিত হলেন দেবশিল্পী বিশ্বকর্মা। বলছি, ঊনকোটি জেলার কুমারঘাটের সায়দাবাড়ীস্থিত টিএসআরের ১৫ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের কথা।

পঞ্জিকা মতে শুক্রবার দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা। যন্ত্রপাতি, যানবাহন থেকে কলকারখানা—সর্বত্রই ভক্তি ও শ্রদ্ধায় পূজিত হন যন্ত্রের দেবতা। সেই আবহেরই ছোঁয়া দেখা গেল কুমারঘাটের সায়দাবাড়ীস্থিত টিএসআর ক্যাম্পে। এদিন ধুমধাম করে আয়োজন করা হয় বিশ্বকর্মা পুজোর। তবে এই আয়োজনের বিশেষত্ব ছিল সম্পূর্ণ প্রস্তুতিতেই। প্রতিমা থেকে মণ্ডপ, সাজসজ্জা থেকে আনুষঙ্গিক কাজ—প্রায় সবকিছুই নিজেদের হাতে তৈরি করেছেন বাহিনীর জওয়ানরা।

ক্যাম্প চত্বরেই তৈরি হয় সুদৃশ্য মণ্ডপ ও প্রতিমা। আর পুরোহিতের দায়িত্ব সামলান ব্যাটেলিয়নের রাইফেলম্যান বিশাল চক্রবর্তী। তাঁর মন্ত্রোচ্চারণ ও আচার-অনুষ্ঠানের মধ্য দিয়েই পূজিত হন দেবশিল্পী বিশ্বকর্মা। পুজোকে ঘিরে উৎসবের আনন্দে মেতে ওঠেন জওয়ান থেকে আধিকারিক সকলেই। উপস্থিত ছিলেন ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট নবদ্বীপ জমাতিয়া সহ অন্যান্য আধিকারিক ও জওয়ানরা। পুজোর আচার-অনুষ্ঠানে আহুতি দেন কমান্ড্যান্ট নিজেই।

কমান্ড্যান্ট নবদ্বীপ জমাতিয়া জানান, অন্যান্য বছরের মতো এবারও জওয়ান ও আধিকারিকদের সম্মিলিত উদ্যোগে ক্যাম্পে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে। পুজোর প্রায় এক সপ্তাহ আগে থেকেই সকলের সঙ্গে পরামর্শ করে শুরু হয় প্রস্তুতি। মণ্ডপ, প্রতিমা থেকে শুরু করে সাজসজ্জা—সবকিছুতেই নিজেদের শ্রম ও সৃজনশীলতার ছাপ রেখেছেন জওয়ানরা।

এদিন ক্যাম্প চত্বরে বাহিনীর বিভিন্ন অস্ত্রশস্ত্র ও যানবাহনেও নিয়ম মেনে পুজো দেওয়া হয়। কর্মজীবনের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি, যানবাহন ও সরঞ্জামের প্রতিও শ্রদ্ধা জানান জওয়ানরা। তবে পুজোর আনন্দ শুধু ক্যাম্পের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কুমারঘাটের অভেদানন্দ মিশনের অনাথ শিশুদের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান কমান্ড্যান্ট। পাশাপাশি পুজোর আয়োজনে স্থানীয় সাধারণ মানুষের সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি।

শুধু কুমারঘাটের TSR ক্যাম্প নয়, ধলাই জেলার ৮২ মাইল আইটিআইতেও এদিন আয়োজন করা হয় বিশ্বকর্মা পুজোর। প্রশিক্ষণরত ছাত্রছাত্রী ও প্রশিক্ষকদের সম্মিলিত উদ্যোগে সেখানেও তৈরি হয় উৎসবের আবহ। সবমিলিয়ে বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে ঊনকোটি জেলার কুমারঘাট থেকে ধলাই জেলার বিভিন্ন প্রান্তেই দেখা যায় উৎসবমুখর পরিবেশ। কোথাও যন্ত্রের আরাধনা, কোথাও আবার জওয়ান ও পড়ুয়াদের সম্মিলিত আয়োজনে ধরা পড়ে উৎসবের অনন্য ছবি।

For All Latest Updates

খাস খবর