Agartala BJP News : বিদ্যালয়ে চলছে স্বাভাবিক পঠন-পাঠন। শ্রেণিকক্ষে ব্যস্ত শিক্ষক-শিক্ষিকারা, পড়াশোনায় মগ্ন পড়ুয়ারা। এরই মধ্যে বিদ্যালয়ের প্রবেশদ্বার থেকে শুরু করে মাঠের একাংশে শোভা পাচ্ছে রাজনৈতিক দলের পতাকা ও ফেস্টুন। এমনই এক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে আগরতলা পুর নিগমের ২৩ নম্বর ওয়ার্ডের প্রাচ্য ভারতী স্কুলে। অভিযোগ, আসন্ন পুর নিগম নির্বাচনে বিজেপি প্রার্থী মনি মুক্তা ভট্টাচার্যের নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে বিদ্যালয় চত্বরে দলীয় প্রচারসজ্জা লাগানো হয়েছে। কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রচারসজ্জা লাগানোর আগে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে কোনও লিখিত অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
সাধারণত কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ বা পরিকাঠামো রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহার করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার প্রয়োজন হয়। কিন্তু প্রাচ্য ভারতী স্কুলের ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়েছে কি না, তা নিয়েই দেখা দিয়েছে প্রশ্ন। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার দাসের কাছে জানতে চাওয়া হলে তিনি স্পষ্ট জানান, দলীয় পতাকা ও ফেস্টুন লাগানোর বিষয়ে বিদ্যালয়ের কাছে কোনও লিখিত আবেদন জমা পড়েনি। বিষয়টি নজরে আসার পর তিনি তাৎক্ষণিকভাবে স্কুলের এসএমসি কমিটির সচিবকে অবগত করেন। পাশাপাশি বিদ্যালয় চত্বর থেকে লাগানো পতাকা ও ফেস্টুন খুলে নেওয়ার নির্দেশ দেন।
এখন প্রশ্ন উঠছে, পঠন-পাঠন চলাকালীন একটি বিদ্যালয় চত্বরে কীভাবে রাজনৈতিক প্রচারের সাজসজ্জা লাগানো হল? শিক্ষাপ্রতিষ্ঠান কি রাজনৈতিক প্রচারের জায়গা হয়ে উঠবে? নির্বাচনী প্রচারের ক্ষেত্রে নিয়মনীতি মেনে চলার দায়িত্ব কি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নয়? শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ও পড়ুয়াদের পঠন-পাঠন যাতে কোনওভাবেই বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই ঘটনার পর বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য সামনে আসায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।






