Biplab Kumar Deb : বিলোনিয়া পুরপরিষদ নির্বাচনকে সামনে রেখে রবিবার পুরাতন টাউন হল মাঠে বিশাল নির্বাচনী সমাবেশের আয়োজন করে বিজেপি। বিদায়ী পৌর চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব এবং মন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাপতি দ্বীপায়ন চৌধুরী, বিধায়িকা স্বপ্না মজুমদারসহ দলের অন্যান্য নেতৃত্ব। সমাবেশ থেকে বিজেপির ১৭টি ওয়ার্ডের ১৭ জন প্রার্থীকে জয়ী করার আহ্বান জানানো হয়।
বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বিগত বামফ্রন্ট সরকারের ৩৫ বছরের শাসনকালের সমালোচনা করেন। তাঁর দাবি, বিলোনিয়ার মানুষ সেই সময়ের অভিজ্ঞতা এখনও ভুলে যাননি। শহরের উন্নয়ন অব্যাহত রাখতে বিজেপি প্রার্থীদের সমর্থনের আবেদন জানান তিনি।
এরপর বক্তব্য রাখেন সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি বামফ্রন্টের দীর্ঘ শাসনকাল নিয়ে সমালোচনা করার পাশাপাশি সিপিআইএমের নির্বাচনী ইশতেহারের বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, একজন কাউন্সিলরের পক্ষে রেল যোগাযোগ ব্যবস্থা কিংবা সিএনজি স্টেশন তৈরি করা সম্ভব কি না, তা ভোটারদের ভেবে দেখা উচিত। এই প্রসঙ্গে বামেদের নির্বাচনী প্রতিশ্রুতিকে কটাক্ষ করেন তিনি।
সবশেষে বিলোনিয়া পুরপরিষদের ১৭টি ওয়ার্ডেই বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান সাংসদ। সমাবেশে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচনের আগে এই জনসভাকে কেন্দ্র করে বিলোনিয়ার রাজনৈতিক মহলে নতুন করে নির্বাচনী তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।






