খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 29 September 2026 - 03:51 AM
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ - ০৩:৫১ পূর্বাহ্ণ

Kumarghat VC Election : শান্তি পূর্ণ আবহে সম্পন্ন কুমারঘাট এডিসি এলাকার ভিসি নির্বাচন

Kumarghat VC Election
1 minute read

Kumarghat VC Election : পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সোমবার শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হলো ত্রিপুরা উপজাতি স্ব-শাসিত জেলা পরিষদের ভিলেজ কাউন্সিল নির্বাচন। রাজ্যের অন্যান্য এলাকার পাশাপাশি ঊনকোটি জেলার কুমারঘাট ও পেঁচারথল ব্লক এলাকাতেও সকাল থেকেই ছিল ভোটারদের উৎসাহ। কুমারঘাট ব্লকের ৯টি ভিলেজ কাউন্সিলের ২৪টি কেন্দ্রে এবং পেঁচারথল ব্লকের ১৬টি ভিলেজ কাউন্সিলের ৪৬টি কেন্দ্রে এদিন ভোটগ্রহণ হয়।

সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় কিছুটা কমলেও প্রবীণ ভোটারদের মধ্যেও ছিল ভোট দেওয়ার উৎসাহ। ব্যালটের মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থীদের পক্ষে মতদান করেন ভোটাররা। নির্বাচনকে ঘিরে প্রতিটি কেন্দ্রেই ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। সংবাদ লেখা পর্যন্ত কুমারঘাটে ভোট পড়েছে ৮৫.৮৫ শতাংশ, আর পেঁচারথলে ভোটের হার ৬২ শতাংশ।

ভোটগ্রহণ শেষে কড়া নিরাপত্তায় ব্যালটবাক্স নিয়ে যাওয়া হয় নির্ধারিত স্ট্রংরুমে। কুমারঘাটের ব্যালটবাক্স রাখা হয়েছে ফটিকরায়ের রাজকান্দি এডিসি ভিলেজের জোনাল অফিসে। আর পেঁচারথলের ব্যালটবাক্স রাখা হয়েছে ব্লক অফিসের স্ট্রংরুমে। এদিকে ভোট শেষে নিজেদের প্রার্থীদের জয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন পেঁচারথল বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সান্তনা চাকমা এবং তিপ্রামথার স্থানীয় নেতৃত্ব।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে কুমারঘাট ও পেঁচারথল ব্লকের এডিসি ভিলেজ কাউন্সিল গঠনের ভোটগ্রহণ প্রক্রিয়া।

For All Latest Updates

খাস খবর