খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 9 October 2026 - 03:27 AM
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ - ০৩:২৭ পূর্বাহ্ণ

Atrapur Rubber Plant News : প্রতিহিংসার বলি ৫৩টি রাবার চারা, রাতের আঁধারে কেটে দিল দুষ্কৃতীরা

Atrapur Rubber Plant News
1 minute read

Atrapur Rubber Plant News : প্রতিহিংসার জেরে রাতের আঁধারে একটি বাগানের ৫৩টি রাবার গাছের চারা কেটে ফেলার অভিযোগ উঠেছে অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার মধ্যরাতে যাত্রাপুর থানা এলাকার বাঘাইয়াচর গ্রামে এ ঘটনা ঘটে। সকালে ঘটনাটি জানাজানি হলে এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘাইয়াচর গ্রামের বাসিন্দা মামন মিয়া তাঁর বসতবাড়ি সংলগ্ন প্রায় আধাকানি টিলা জমিতে দুই মাস আগে রাবারের চারা রোপণ করেছিলেন। শ্রমজীবী এই ব্যক্তি ভবিষ্যতে গাছগুলো বড় হলে সেখান থেকে আয় করে পরিবারের আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হবে—এমন প্রত্যাশা থেকেই কষ্টের জমানো অর্থ ও শ্রম দিয়ে বাগানটি গড়ে তুলছিলেন।

অভিযোগ, বুধবার গভীর রাতে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত বাড়ির পাশে থাকা প্লাস্টিকের নেট কেটে জমিতে প্রবেশ করে। এরপর পরিকল্পিতভাবে একে একে ৫৩টি রাবার চারা কেটে ফেলে তারা। রাতের অন্ধকারে ঘটনাটি ঘটায় পরিবারের কেউ বিষয়টি টের পাননি। বৃহস্পতিবার সকালে বাগানে গিয়ে চারাগুলো কাটা অবস্থায় দেখতে পান মামন মিয়া। মুহূর্তেই তাঁর দীর্ঘদিনের স্বপ্ন যেন ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনায় কান্নায় ভেঙে পড়েন তিনি ও তাঁর স্ত্রী। পরিবারের সদস্যদের অভিযোগ, পূর্বশত্রুতা বা প্রতিহিংসার কারণেই পরিকল্পিতভাবে বাগানটি নষ্ট করা হয়েছে।

মামন মিয়ার পরিবারে স্ত্রী, দুই সন্তান ও বৃদ্ধ মা রয়েছেন। পরিবারের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার কথা চিন্তা করেই তিনি রাবার চাষে উদ্যোগী হয়েছিলেন। মাত্র দুই মাসের মধ্যেই গাছগুলো নষ্ট করে দেওয়ায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মানসিকভাবেও ভেঙে পড়েছেন। ঘটনার খবর পেয়ে যাত্রাপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিষয়টি খতিয়ে দেখে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং কী কারণে বাগানের চারাগুলো কেটে ফেলা হয়েছে, তা তদন্তের মাধ্যমে বের করার চেষ্টা চলছে।


পরিবারটির দাবি, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের শনাক্ত করা হোক এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপেরও দাবি জানিয়েছেন তারা।

For All Latest Updates

খাস খবর