খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Monday, 2 November 2026 - 12:45 AM
সোমবার, ২ নভেম্বর ২০২৬ - ১২:৪৫ পূর্বাহ্ণ

AMC Election 2026 : পুরভোটে সম্মানজনক আসনের দাবি তিপ্রা মথার, ঐক্যবদ্ধভাবে লড়বে এনডিএ

AMC Election 2026
1 minute read

AMC Election 2026 : আসন্ন আগরতলা পুরনিগম-সহ রাজ্যের বিভিন্ন পুরপরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনে এনডিএ জোটের শরিক হিসেবে বিজেপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে তিপ্রা মথা। তবে নির্বাচনে সম্মানজনক সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা করার দাবি জানিয়েছে দলটি। রবিবার বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন তিপ্রা মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা।


বৈঠক শেষে রঞ্জিত দেববর্মা জানান, আসন্ন পুরনির্বাচনে এনডিএ জোটের শরিক হিসেবে তিপ্রা মথা বিজেপির সঙ্গে সমন্বয় বজায় রেখে নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী। তবে দলীয় সাংগঠনিক অবস্থান ও রাজনৈতিক গুরুত্ব বিবেচনা করে সম্মানজনক সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা করার দাবি জানানো হয়েছে। আসন বণ্টন নিয়ে আলোচনা এখনও চূড়ান্ত হয়নি। সোমবার বিজেপির দলীয় বৈঠকের পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
অন্যদিকে, রবিবারের বৈঠক প্রসঙ্গে মন্ত্রী রতন লাল নাথ জানান, আসন্ন পুরনিগম, পুরপরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনে এনডিএ জোটের শরিকদের নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করার বিষয়ে আলোচনা হয়েছে। বিজেপি ও তিপ্রা মথার প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।


মন্ত্রী আরও জানান, তিপ্রা মথার পক্ষ থেকে আসন বণ্টন সংক্রান্ত যে প্রস্তাবগুলি তুলে ধরা হয়েছে, সেগুলি নিয়ে বিজেপির দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করা হবে। সোমবার রাতের মধ্যে আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, আসন্ন পুরনির্বাচনকে সামনে রেখে রাজ্যে এনডিএ শরিকদের মধ্যে আসন সমঝোতা এখন রাজনৈতিক আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে। বিজেপি ও তিপ্রা মথার মধ্যে আসন বণ্টনের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই এখন নজর রয়েছে রাজনৈতিক মহলের।

For All Latest Updates

খাস খবর