Agartala Railway Station : ফের একবার আগরতলা রেলওয়ে স্টেশনে বড়সড় সাফল্য পেল জিআরপিএস থানার পুলিশ। রুটিন তল্লাশির সময় সন্দেহভাজন এক যুবকের কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও তাজা গুলি উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে। ধৃত যুবকের নাম সুব্রত দত্ত, যার বাড়ি সিপাহীজলা জেলার মধুপুর থানার অন্তর্গত এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে আগরতলা জিআরপিএস থানার পুলিশ স্টেশনে ও প্ল্যাটফর্ম এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল। সেই সময় এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে কর্তব্যরত পুলিশকর্মীরা তাকে আটক করে। পরে তার সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করা হলে চমকে ওঠেন পুলিশকর্মীরা। ব্যাগের ভেতর থেকে একটি ৭.৬৫ এমএম ক্যালিবারের পিস্তল, দুটি ম্যাগাজিন এবং দুটি তাজা লাইভ কার্টিজ উদ্ধার হয়।
ঘটনার পরপরই ওই যুবককে আটক করে জিআরপিএস থানায় নিয়ে যাওয়া হয় এবং শুরু হয় জিজ্ঞাসাবাদ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত সুব্রত দত্ত জানায়, সে বিহারের ভাগলপুর থেকে ট্রেনে করে আগরতলায় আসে এবং সেখান থেকে মধুপুরে অস্ত্রটি বিক্রি করার পরিকল্পনা ছিল। পুলিশের অনুমান, এই ঘটনার সঙ্গে একটি বড়সড় অস্ত্র পাচার চক্র জড়িত থাকতে পারে।
এ বিষয়ে আগরতলা জিআরপিএস থানার ওসি রাজু ভৌমিক জানান, “আমাদের স্টাফরা তাকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করে। পরে তার ব্যাগ তল্লাশি করে একটি অবৈধ স্মল ফায়ার আর্মস, দুটি ম্যাগাজিন ও দুটি লাইভ কার্টিজ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি সংগঠিত পাচার চক্রের অংশ।”
উদ্ধার হওয়া পিস্তলটি কোন কোম্পানির তৈরি বা আদৌ কারখানায় তৈরি নাকি হ্যান্ডমেড—তা এখনও স্পষ্ট নয়। অস্ত্রটির উপর কোনো নির্মাতা সংস্থার নাম বা চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখতে ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন এবং অস্ত্রটির উৎস ও প্রকৃতি নির্ধারণের চেষ্টা চালাচ্ছেন।
পুলিশ আরও জানিয়েছে, ধৃত যুবককে বুধবার আদালতে তোলা হবে এবং তাকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হবে। তদন্তকারীদের মতে, এই ঘটনার সূত্র ধরে আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের বড় জাল উন্মোচিত হতে পারে।
এই ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে পুলিশ আশ্বস্ত করেছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।



