খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 21 November 2026 - 10:22 PM
শনিবার, ২১ নভেম্বর ২০২৬ - ১০:২২ অপরাহ্ণ

Khowai BJP News : দিনের আলোয় চায়ের দোকানে ভাঙচুর! খোয়াই বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে দাদাগিরি ও হুমকির অভিযোগ

Khowai BJP News
1 minute read

Khowai BJP News : ত্রিপুরায় কি এবার বিজেপি নেতাদের পরিচয়ই সাধারণ মানুষের কাছে আতঙ্কের কারণ হয়ে উঠছে? দিনের আলোয় প্রকাশ্য রাস্তায় একটি চায়ের দোকানের বাইরে ভাঙচুর, দোকান মালিক ও তাঁর স্ত্রীর সঙ্গে অভব্য আচরণ এবং দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠল খোদ বিজেপির খোয়াই জেলা সভাপতি সমীর দাসের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে খোয়াইয়ের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা।

ঘটনাটি শনিবার দুপুরের। খোয়াইয়ের রাধানগর স্ট্যান্ড সংলগ্ন একটি চায়ের দোকানে চা পান করতে যান বিজেপি খোয়াই জেলা সভাপতি সমীর দাস। তাঁর সঙ্গে ছিলেন জেলা সহ-সভাপতি সঞ্জীব দেববর্মা এবং বিজেপির পুর নির্বাচনের প্রার্থী সাগর দেব। অভিযোগ, দোকানের সামনে নো স্মোকিং জোনে বসেই তাঁরা ধূমপান শুরু করেন। বিষয়টি নজরে আসতেই দোকানের মালিকের স্ত্রী তাঁদের অন্যত্র গিয়ে ধূমপান করার অনুরোধ জানান। আর এতেই নাকি চরম অপমানিত বোধ করেন জেলা সভাপতি!

অভিযোগ, নিজের রাজনৈতিক পরিচয় ও ক্ষমতার দাপট দেখাতে শুরু করেন সমীর দাস। ‘তুমি জানো আমি কে?’—এই মনোভাব নিয়েই মহিলার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। এরপর দোকান মালিক ও তাঁর স্ত্রীর সঙ্গে অভব্য আচরণ, দোকানের বাইরে থাকা চেয়ার, স্টুল ভাঙচুর এবং দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি নেতাদের বিরুদ্ধে।

গোটা ঘটনার দৃশ্য দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে । ফুটেজে বিজেপি জেলা সভাপতি, তাঁর গাড়িচালক এবং সানু নামে এক যুবককে ভাঙচুর করতে দেখা গিয়েছে বলে অভিযোগ। এমনকী, ঘটনার কিছুক্ষণ পর বিজেপি প্রার্থী সাগর দেব দোকানে ফিরে সিসিটিভি ক্যামেরার বক্স নেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ উঠেছে। যদিও দোকান কর্তৃপক্ষ তাঁকে জানান, ক্যামেরাটি মোবাইলের সঙ্গে সংযুক্ত রয়েছে।

এখন প্রশ্ন, একটি চায়ের দোকানে দাঁড়িয়ে ধূমপান করতে বাধা দিলেই কি কোনও সাধারণ মানুষকে এমন পরিস্থিতির মুখে পড়তে হবে? বিজেপির জেলা সভাপতি হলেই কি আইন-কানুনের ঊর্ধ্বে উঠে যাওয়ার অধিকার তৈরি হয়? একজন মহিলা কে হেনস্তা করার অভিযোগ কতটা লজ্জাজনক, তা কি দলের নেতৃত্ব উপলব্ধি করবে?

যে রাজ্যে সাধারণ মানুষ নিরাপত্তা ও সম্মানের সঙ্গে নিজেদের কাজটুকু করতে চান, সেখানে রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে ব্যবসায়ীদের ভয় দেখানোর অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। বিজেপি বরাবরই শৃঙ্খলা, সুশাসন ও আইনের শাসনের কথা বলে। তাহলে দলের জেলা সভাপতির বিরুদ্ধে ওঠা এই অভিযোগে দল কী পদক্ষেপ করবে?

রাজনৈতিক পরিচয় কখনও আইন ভাঙার ছাড়পত্র হতে পারে না। দোকান মালিক ও তাঁর স্ত্রীর অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কি? নাকি রাজনৈতিক ক্ষমতার দাপটের কাছে সাধারণ মানুষের অধিকার ও আত্মসম্মান এভাবেই বারবার পরাজিত হবে? খোয়াইয়ের মানুষ এখন সেই প্রশ্নের উত্তর চাইছেন।

For All Latest Updates

খাস খবর