Agartala BJP News : বাইক বাহিনী, হেলমেট বাহিনীর পর এবার কি মাস্ক বাহিনী? পরিচয় আড়াল করে নির্বাচনী মিছিলে অংশগ্রহণকারীদের ঘিরে বাড়ছে কৌতূহল। ভোটের মুখে এমন দৃশ্য ঘিরে উঠছে একাধিক প্রশ্ন।
নির্বাচনের প্রচারে রাজনৈতিক দলগুলির শক্তি প্রদর্শন নতুন কিছু নয়। কিন্তু সেই শক্তি প্রদর্শনের মিছিলে যদি একদল মানুষের পরিচয়ই স্পষ্ট না হয়, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে। মাথায় গেরুয়া কাপড়, মুখে লাল, কালো ও হলুদ রঙের মাস্ক। এভাবেই শনিবার আগরতলার রামনগরে বিজেপির নির্বাচনী মিছিলে দেখা গেল একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে। আর তাঁদের ঘিরেই এখন রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।
আগরতলা পুর নিগমের ১৭, ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীদের সমর্থনে শনিবার রামনগরে আয়োজিত হয়েছিল নির্বাচনী প্রচার মিছিল। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটির নেতৃত্ব এবং কর্মী-সমর্থকরা। নাচ, গান ও স্লোগানে জমজমাট ছিল গোটা প্রচার কর্মসূচি। কিন্তু এত কিছুর মধ্যেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন মাথায় গেরুয়া কাপড় বাঁধা এবং মুখে রঙিন মাস্ক পরা কয়েকজন ব্যক্তি।
প্রশ্ন উঠছে, কারা এই ব্যক্তিরা? কোথা থেকে এলেন তাঁরা? কেনই বা প্রকাশ্যে রাজনৈতিক মিছিলে অংশ নিয়েও নিজেদের মুখ ও পরিচয় আড়াল করে রাখলেন? রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণকারীদের এমন অদ্ভুত সাজের প্রয়োজনীয়তাই বা কী? তাঁদের পরিচয় কি সংশ্লিষ্ট নেতৃত্বের জানা রয়েছে?
এর আগে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে বাইক বাহিনী ও হেলমেট বাহিনীকে ঘিরে নানা সময়ে বিতর্ক তৈরি হয়েছে। এবার কি সেই তালিকায় নতুন সংযোজন মাস্ক বাহিনী? অবশ্য শুধু পোশাক বা মাস্ক দেখে কারও উদ্দেশ্য সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছনো যায় না। কিন্তু নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে প্রকাশ্যে রাজনৈতিক মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় নিয়ে এমন ধোঁয়াশা তৈরি হওয়া নিঃসন্দেহে আলোচনার বিষয়।
বিশেষ করে যে দল বারবার স্বচ্ছতা, শৃঙ্খলা ও সুশাসনের কথা বলে, সেই দলের নির্বাচনী প্রচারে এমন দৃশ্য দেখা যাওয়ায় প্রশ্নের মুখে পড়েছে প্রচারের স্বাভাবিক স্বচ্ছতা। পরিচয় গোপন রাখার পিছনে কোনও বিশেষ কারণ রয়েছে কি না, তা স্পষ্ট করা প্রয়োজন।
বিজেপি নেতৃত্ব কি এই মাস্কধারীদের পরিচয় এবং মিছিলে তাঁদের উপস্থিতির কারণ প্রকাশ্যে জানাবেন? নাকি অন্যান্য রাজনৈতিক বিতর্কের মতো এই প্রশ্নও উত্তরহীন থেকে যাবে? আপাতত রামনগরের নির্বাচনী প্রচারে এই রহস্যময় মাস্ক বাহিনীকে ঘিরেই চর্চা তুঙ্গে।






