Tripura State election commission : আগামী ২৭ নভেম্বর রাজ্যের ১৬টি নগর সংস্থার নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচনী নিরাপত্তার দায়িত্বে আরও ২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এই বাহিনী ত্রিপুরায় পৌঁছাবে বলে জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার পিকে চক্রবর্তী। আগে থেকে রাজ্যে থাকা ১৪ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীসহ নির্বাচনে মোট ৩৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
শনিবার সাংবাদিক সম্মেলনে রাজ্য নির্বাচন কমিশনার জানান, আগরতলা পুর নিগমের ৪৩৯টি পোলিং স্টেশনসহ রাজ্যের ১৬টি নগর সংস্থার প্রতিটি এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। বাহিনী কোথায় এবং কীভাবে মোতায়েন করা হবে, তা চূড়ান্ত করতে আগামীকালের মধ্যে রাজ্য পুলিশের ডিজিপি, আইজি (ল অ্যান্ড অর্ডার) এবং নির্বাচন কমিশনের মধ্যে বৈঠক হবে। সেই বৈঠকেই নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত রূপরেখা তৈরি করা হবে।
নির্বাচনী প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই পশ্চিম ত্রিপুরা, সিপাহিজলা, দক্ষিণ ত্রিপুরা ও গোমতী জেলায় পর্যালোচনা বৈঠক করেছে কমিশন। জেলাশাসক, পুলিশ সুপার, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, এসডিপিও এবং সেক্টর অফিসারদের সঙ্গে বৈঠকে নির্বাচনী দায়িত্ব ও প্রশাসনিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বাকি জেলাগুলিতেও এই ধরনের বৈঠক অনুষ্ঠিত হবে।
এদিকে, নির্বাচনী কাজে নিযুক্ত প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, গ্রুপ ডি কর্মী এবং পুলিশকর্মীদের ভোটদানের জন্য ২১ ও ২২ নভেম্বর বিশেষ ফ্যাসিলিটেশন সেন্টারের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি মহকুমায় রিটার্নিং অফিসারদের তত্ত্বাবধানে এই ভোটগ্রহণ চলছে। ভোটার তালিকায় অনুপস্থিত, স্থানান্তরিত ও মৃত ভোটারদের চিহ্নিত করে প্রয়োজনীয় মার্কিং করার নির্দেশও দেওয়া হয়েছে।
৮৫ বছর বা তার বেশি বয়সি প্রবীণ ভোটারদের বাড়িতে গিয়ে ভোটগ্রহণের ব্যবস্থা এবার চালু হচ্ছে না। কমিশনার জানান, বর্তমান ত্রিপুরা কন্ডাক্ট অব ইলেকশন রুলসে এ বিষয়ে আইনি সংস্থান নেই। রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা হলেও প্রস্তাবটি গৃহীত হয়নি।
অন্যদিকে, ভোটার, পোলিং এজেন্ট ও কাউন্টিং এজেন্টদের নিরাপত্তা নিয়েও আশ্বাস দিয়েছেন কমিশনার। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারেন, তার জন্য প্রয়োজনীয় পুলিশি ব্যবস্থা রাখা হবে। সব মিলিয়ে ২৭ নভেম্বরের নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনিক এবং নিরাপত্তাজনিত প্রস্তুতি জোরকদমে এগিয়ে নিয়ে যাচ্ছে রাজ্য নির্বাচন কমিশন।






