Kamalasagar News : কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মিয়াপাড়ায় একটি সরকারি গেস্ট হাউসকে কেন্দ্র করে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযোগ, সরকারি নিয়মকানুনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে কোনও বৈধ পরিচয়পত্র যাচাই কিংবা অতিথিদের নাম রেজিস্টারে নথিভুক্ত না করেই দিনের পর দিন রুম ভাড়া দেওয়া হচ্ছিল। শুক্রবার বিকেলে মধুপুর থানার পুলিশ আকস্মিক অভিযান চালিয়ে ওই গেস্ট হাউস থেকে এক পুলিশ কনস্টেবলের স্ত্রী এবং কৈয়াঢেপা এলাকার বাসিন্দা ইমন হোসেন নামে এক যুবককে আটক করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশি অভিযানের পর গেস্ট হাউসের ম্যানেজার রাজু রাজ রিয়াংকে ঘিরে ধরেন স্থানীয় বাসিন্দা ও সংবাদকর্মীরা। তাঁদের প্রশ্নের মুখে ম্যানেজার নিজের গাফিলতির কথা স্বীকার করেন বলে জানা গেছে। অভিযোগ, অর্থের বিনিময়ে পরিচয়পত্র ও প্রয়োজনীয় নথিপত্র ছাড়াই সেখানে রুম ভাড়া দেওয়ার ব্যবস্থা করা হতো।
প্রাথমিকভাবে অভিযোগ উঠেছে, শুক্রবার মিয়াপাড়া চা বাগান এলাকার রঞ্জিত দাস নামে এক ব্যক্তি মাত্র ১০ হাজার টাকার বিনিময়ে ওই দুজনকে গেস্ট হাউসে নিয়ে আসেন। টাকার লেনদেনের মাধ্যমেই তাঁদের জন্য ঘর বরাদ্দ করা হয়েছিল বলে দাবি করা হচ্ছে। এই ঘটনায় রঞ্জিত দাসের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
ঘটনার আরও একটি উদ্বেগজনক দিক সামনে এসেছে গেস্ট হাউসের নিরাপত্তা ও পরিচালন ব্যবস্থা নিয়ে। অভিযোগ, ম্যানেজার রাজু রাজ রিয়াং মাত্র ১৭ বছর বয়সি এক নাবালকের হাতে সরকারি গেস্ট হাউসের চাবি ও পরিচালনার দায়িত্ব দিয়ে অন্যত্র চলে গিয়েছিলেন। একটি সরকারি প্রতিষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ স্থানে কীভাবে একজন নাবালককে এমন দায়িত্ব দেওয়া হলো, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
সাধারণ নিয়ম অনুযায়ী, হোটেল, লজ কিংবা গেস্ট হাউসে অতিথিদের পরিচয় যাচাই এবং প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ সরকারি গেস্ট হাউসেই যদি এই ধরনের অনিয়ম ঘটে, তাহলে তার দায়ভার কার—সেই প্রশ্ন উঠছে।
বর্তমানে মধুপুর থানার পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের ভূমিকা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং সরকারি গেস্ট হাউসের পরিচালন ব্যবস্থায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।






