খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 14 November 2026 - 02:00 AM
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ - ০২:০০ পূর্বাহ্ণ

Khowai News : নির্বাচন আসে, নির্বাচন যায়, তবুও সংস্কার হয়নি ৮ নম্বর ওয়ার্ডের একমাত্র রাস্তা, দুর্ভোগে ১২-১৩টি পরিবার

Khowai News
1 minute read

Khowai News : নির্বাচন আসে, নির্বাচন যায়, রাজনৈতিক প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়, অথচ আজও সংস্কারের মুখ দেখেনি খোয়াই পৌর পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ চলাচলের রাস্তা। খোয়াই জেলা হাসপাতাল সংলগ্ন এলাকায় অবস্থিত এই রাস্তার উপর নির্ভরশীল প্রায় ১২-১৩টি পরিবার। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হচ্ছে তাঁদের।

আসন্ন পৌর পরিষদ নির্বাচনকে সামনে রেখে শহরজুড়ে বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা ও প্রচার-প্রচারণা শুরু হয়েছে। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে তাঁদের এই সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি। বাম আমল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বারবার স্থানীয় নেতৃত্ব ও পৌর পরিষদের দৃষ্টি আকর্ষণ করা হলেও বাস্তবে রাস্তা সংস্কারের কোনও উদ্যোগ চোখে পড়েনি।

বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। রাস্তার বেহাল অবস্থার কারণে স্বাভাবিক যাতায়াত কার্যত অসম্ভব হয়ে পড়ে। বর্তমানে বাসিন্দাদের একমাত্র ভরসা একটি বাঁশের সাঁকো। অত্যন্ত ঝুঁকি নিয়ে এই সাঁকোর উপর দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে শিশু, বয়স্কসহ পরিবারের প্রত্যেক সদস্যকে। এতে যেকোনও সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয়দের প্রশ্ন, নির্বাচনের সময় রাজনৈতিক নেতারা সাধারণ মানুষের সমস্যার কথা বললেও তাঁদের এই দীর্ঘদিনের দুর্ভোগ কেন নজরে আসছে না? ১২-১৩টি পরিবারের নিরাপদ যাতায়াতের মতো মৌলিক সমস্যার সমাধান করতেও কেন এত দীর্ঘসূত্রতা?

তাই আসন্ন পৌর পরিষদ নির্বাচনের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে দ্রুত রাস্তা সংস্কার করে স্থায়ী ও নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করার জোরালো দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। এখন দেখার বিষয়, নির্বাচনের প্রতিশ্রুতির বাইরে গিয়ে তাঁদের এই দীর্ঘদিনের সমস্যার বাস্তব সমাধানে কর্তৃপক্ষ কতটা দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।

For All Latest Updates

খাস খবর